বাংলা হান্ট ডেস্কঃ শিয়ালদহ থেকে বারাণসীর মধ্যে রেল যোগাযোগে শুরু হল এক নতুন অধ্যায়। গতকাল, অর্থাৎ শনিবার শিয়ালদহ স্টেশন থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করল শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। ট্রেন নম্বর ২২৫৮৭-এর এই যাত্রার মাধ্যমে প্রথমবার অমৃত ভারত শ্রেণির কোনও ট্রেন সরাসরি যুক্ত করল দুই প্রাচীন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক নগরী শিয়ালদহ ও বারাণসীকে।
রেলের তরফে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও উন্নত যাত্রী পরিষেবার সংমিশ্রণে এই ট্রেন (Amrit Bharat Express) যাত্রীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। দুই প্রান্তে ইঞ্জিন সংযোজন এই ট্রেনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এর ফলে ট্রেন আরও দ্রুতগামী হওয়ার পাশাপাশি যাত্রা হয়েছে মসৃণ ও ঝাঁকুনিমুক্ত। আধুনিক রেল প্রযুক্তির ক্ষেত্রে এই ট্রেনকে এক নতুন দিশা হিসেবেই দেখা হচ্ছে।
অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের (Amrit Bharat Express) সময়
রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস (২২৫৮৭) প্রতি সপ্তাহে তিন দিন, অর্থাৎ শনিবার, সোমবার ও বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা করবে। যাত্রাপথে প্রথম প্রধান স্টেশন দুর্গাপুরে ট্রেন পৌঁছবে রাত ৯টা ১৯ মিনিটে এবং ছাড়বে ৯টা ২১ মিনিটে। এরপর আসানসোল জংশনে পৌঁছবে রাত ৯টা ৪২ মিনিটে ও ছাড়বে ৯টা ৪৫ মিনিটে। মধুপুর জংশনে পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে ও ছাড়বে ১০টা ৩৭ মিনিটে এবং জসিডিহ জংশনে পৌঁছবে রাত ১০টা ৫৬ মিনিটে ও ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। পরদিন ভোরে ট্রেনটি পাটনা জংশনে পৌঁছবে ভোররাত ২টা ৪৩ মিনিটে এবং ছাড়বে ২টা ৫০ মিনিটে। এরপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছবে ভোর ৬টা ১০ মিনিটে ও ছাড়বে ৬টা ১৫ মিনিটে। সবশেষে সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটি বারাণসী স্টেশনে পৌঁছবে।
অন্যদিকে, ২২৫৮৮ নম্বর বারাণসী-শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) প্রতি সপ্তাহে তিন দিন, অর্থাৎ শুক্রবার, রবিবার ও মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটে বারাণসী থেকে যাত্রা শুরু করবে এবং পরদিন সকাল ৯টা ৫৫ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। এই ট্রেনটিতে মোট ১৮টি কোচ রয়েছে। এর মধ্যে ৮টি স্লিপার ক্লাস কোচ, ৮টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ এবং ২টি এলএসএলআরডিপিপি কোচ রয়েছে, যা দিব্যাঙ্গজন-বান্ধব হিসেবে তৈরি।

আরও পড়ুনঃ ভোট ঘোষণার আগেই চমক! বিজেপির ১১ সদস্যের ইস্তাহার কমিটির মাথায় তাপস রায়
শিয়ালদহ থেকে অমৃত ভারত এক্সপ্রেসের (Amrit Bharat Express) সূচনা যাত্রী সুবিধা ও প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছে রেল। দীর্ঘপথে রেল যাত্রাকে আরও দ্রুত, আরামদায়ক ও প্রাণবন্ত করে তুলবে এই নতুন ট্রেন এমনটাই আশা রেলের।












