বাংলা হান্ট ডেস্ক : শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার এই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। উত্তর প্রদেশের বারাণসী থেকে বিনয় রাই নামে ওই ব্যক্তিকে পাকড়াও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
চন্দ্রনাথ (Chandranath Rath) খুনে গ্রেফতার আরও এক
ট্রানজিট রিমান্ডে বিনয় রাই নামের ব্যক্তিকে কলকাতায় আনা হচ্ছে এবং বুধবার বারাসত আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। বিনয় রাইয়ের বাড়ি উত্তর প্রদেশের গাজিপুরে। বছর চল্লিশের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই বারাণসীতে থাকতেন। তদন্তকারী সূত্রে খবর ওই এলাকায় সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
বারাণসীর এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, “বারাণসীর এক স্থানীয় আদালতে বিনয় রাইকে তুলে ২ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে সিবিআই।” তদন্তকারীদের দাবি, চন্দ্রনাথ রথ খুনে বিনয়ের যোগ থাকার প্রমাণ মিলেছে। সেই সূত্র ধরেই তাঁর খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
অপরাধ দুনিয়ায় নতুন নয় বিনয় রাই। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, খুন, খুনের চেষ্টার মতো মামলাতেও তাঁর নাম জড়িয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতায় আনা হচ্ছে। সিবিআই মনে করছে তাকে জেরা করলে চন্দ্রনাথ খুন কাণ্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।
প্রসঙ্গত, গত ৬ মে রাতে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ঠিক দুদিন পর মধ্যমগ্রামে খুন হন চন্দ্রনাথ রথ। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে বাইকে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করে SIT। সেই তদন্তে মায়াঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্য নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে এই মামলার দায়িত্ব নেয় সিবিআই। এরপর উত্তর প্রদেশের বালিয়া থেকে রাজকুমার সিং নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত চারজনই ভিনরাজ্যের বাসিন্দা ছিলেন।এবার বিনয় রাই গ্রেফতার হওয়ায় মোট ধৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ।

আরও পড়ুন : ফ্রি বাস পরিষেবায় বড় আপডেট, মহিলাদের জন্য জারি হল বিশেষ গাইডলাইন
চন্দ্রনাথ খুন কাণ্ডে ধৃত পাঁচজনই অন্য রাজ্যের বাসিন্দা। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই ঘটনার সঙ্গে বাংলার কোনও ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে কি না। এই খুনকাণ্ডের নেপথ্যের আসল চক্রান্ত কি শেষ পর্যন্ত প্রকাশ্যে আসবে? এখন সেই দিকেই নজর সকলের।














