অতীত পিছনে ফেলে অর্পিতার জীবনের ‘নতুন অধ্যায়’! ৪ বছর পর বড় ঘোষণা

Published on:

Published on:

Arpita Mukherjee makes a comeback on Facebook got arrested in recruitment scam case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালের জুলাই মাস। নিয়োগ দুর্নীতি মামলা সূত্রে রাতারাতি সংবাদের শিরোনামে উঠে আসেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ‘টাকার পাহাড়’। এরপর কী হয়েছে তা মোটামুটি সকলেরই জানা। এবার সেই অর্পিতাই জানালেন, নতুন জীবনে এগিয়ে যাওয়ার কথা। সেই সঙ্গেই তাঁর লেখায় ফুটে উঠল অতীতের প্রসঙ্গও।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অর্পিতা? | (Arpita Mukherjee)

২০২২ সালের ২২ জুলাই ফেসবুকে শেষবারের মতো পোস্ট করেছিলেন অর্পিতা। এরপর বিগত চার বছরে অনেক ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হয়েছেন। এতকিছুর পর বুধবার ফেসবুকে ‘কামব্যাক’ করেন তিনি। সেখানে অতীতের অন্ধকার সময় থেকে শিক্ষা নিয়ে নতুন জীবনে এগিয়ে যাওয়ার কথা বলেন।

আরও পড়ুনঃ আরও বিপদে অভিষেক! কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ

অর্পিতা লেখেন, “জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব থমকে যায়। মা-কে হারানো এক অপূরণীয় শোক, একটি নীরব শূন্যতা যা কোনও শব্দ দিয়ে পূরণ করা যায় না। গত কয়েক মাস ধরে মায়ের স্মৃতিই আমার একমাত্র অবলম্বন হয়ে আছে, যা আমায় প্রতিকূলতা মোকাবিলার মানসিকতা ও নীরব শক্তির প্রকৃত অর্থ শিখিয়েছে।“

Arpita Mukherjee facebook post

নিজের পোস্টে দুঃসময়ে পাশে থাকা সকলকে ধন্যবাদ জানিয়েছেন অর্পিতা। সেই সঙ্গেই এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন। তিনি লেখেন, “জীবন আমাদের পরীক্ষা নেয়, কিন্তু একইসঙ্গে আমাদের এগিয়ে যাওয়ারও দাবি করে। তবে এগিয়ে যাওয়া মানে অতীতকে ভুলে যাওয়া নয়। এর মানে হল, ধৈর্য ও বিচারপ্রক্রিয়ার উপর আস্থা রেখে, ধাপে ধাপে সবকিছু নতুন করে গড়ে তোলা। আমার বর্তমান মনোযোগ সম্পূর্ণরূপে আমার পরিবার, আমার ব্যক্তিগত হিলিং ও পিছনে ফেলে আসা দায়িত্বগুলি পালনের উপর রয়েছে।“

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সূত্রে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন অর্পিতা। তাঁর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। সেই সঙ্গেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও শুরু হয় কাটাছেঁড়া। এরপর প্রায় আড়াই বছর জেলবন্দি থাকার পর জামিন পান তিনি। এবার সেই অর্পিতা জানালেন, সোশ্যাল মিডিয়ায় এই প্রত্যাবর্তন তাঁর নতুন জীবনের প্রতিফলন হতে চলেছে।