বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যজুড়ে প্রচার তুঙ্গে। এই রাজনৈতিক লড়াইয়ের মাঝেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবার কাউন্সিলারদের জন্য কড়া বার্তা দিল। দল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই নির্বাচনে কে কতটা কাজ করছে, সেটাই ঠিক করবে ভবিষ্যতে তাঁদের রাজনৈতিক অবস্থান।
কাউন্সিলরদের বড় নির্দেশ তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমোর
এবারের নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি, অর্থাৎ কাউন্সিলারদেরও। কারণ, পাড়া-মহল্লায় দলের প্রথম মুখ হিসেবে তাঁদের ভূমিকাই সবচেয়ে বেশি নজরে থাকে। দলীয় (Trinamool Congress) সূত্রে জানা গিয়েছে, কোন কাউন্সিলার নিজের এলাকায় কতটা সক্রিয়, প্রার্থীর হয়ে কতটা প্রচার করছেন, এমনকি কোন বুথে কত লিড মিলছে, সবকিছুই খুঁটিয়ে দেখা হবে। এই পুরো পারফরম্যান্স রিপোর্টের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ।
কলকাতা-সহ বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রার্থীরা কাউন্সিলারদের নিয়ে বৈঠক শুরু করেছেন। সেই বৈঠক থেকেই পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে, প্রচারে কোনও ঢিলেমি নয়, প্রত্যেককে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে হবে। দলীয় শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশও যথেষ্ট কড়া। সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এই নির্বাচনে কাউন্সিলারদের কাজই হবে তাঁদের আগামী দিনের রাজনৈতিক মাপকাঠি।
যাদবপুর, রাসবিহারী, কাশীপুর-বেলগাছিয়া-সহ একাধিক কেন্দ্রে ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গিয়েছে। প্রতিটি ওয়ার্ডে প্রচারের ধরন, বুথভিত্তিক ফলাফল এবং সংগঠনের সক্রিয়তা, সবই মূল্যায়নের আওতায় আসছে।

আরও পড়ুনঃ বদলে গেল রান্নার নিয়ম! যুদ্ধের প্রভাবে এবার ট্রেনের খাবার তৈরি নিয়ে বড় সিদ্ধান্ত নিল IRCTC
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পরই চলতি বছরের শেষের দিকে কলকাতা-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এই ভোটকে কার্যত কাউন্সিলারদের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দলের (Trinamool Congress) তরফ থেকে জানানো হয়েছে যারা এই পরীক্ষায় ভালো ফল করবেন, তাঁরাই পরবর্তী পুরভোটে টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন।












