বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিম এলাকা। পোস্টার টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা। এই ঘটনায় এবার সরাসরি তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি (BJP)।
কী অভিযোগ বিজেপির (BJP)?
বেহালা পশ্চিমের পর্ণশ্রী এলাকায় রবিবার দুপুরে শুরু হয় উত্তেজনা। তৃণমূলের দাবি, তাদের কর্মী-সমর্থকরা এলাকায় পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময় বিজেপির কর্মীরা বাধা দেন, আর সেখান থেকেই বচসা চরমে ওঠে। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, তৃণমূলের কর্মীরা বিজেপির (BJP) পার্টি অফিসে পোস্টার লাগাতে আসে। তাতে আপত্তি জানালে পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর পোস্টার ও হোর্ডিং ছিঁড়ে ফেলার অভিযোগও তোলা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে বিজেপির (BJP) কর্মী-সমর্থকরা পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভে বসেন। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবিতে স্লোগান তুলতে থাকেন তাঁরা। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন ঘটনাস্থলে পৌঁছান রত্না চট্টোপাধ্যায় নিজে। তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা বাড়তে থাকে, যদিও শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকেই বেহালা পশ্চিমে চাপা উত্তেজনা বিরাজ করছে। রাতেই বিজেপি (BJP) নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি, পার্টি অফিসে হামলার ঘটনায় রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুনঃ নিরাপত্তা বলয়ে মুড়ছে রাজ্যে! বাইরে থেকে ৩০০০ পুলিশ আনছে কমিশন
এদিকে একই দিনে আরেকটি ঘটনায় রাজনৈতিক পাল্টা অভিযোগও সামনে এসেছে। পানিহাটির বিজেপি (BJP) প্রার্থী, যিনি আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা হিসেবেও পরিচিত, তাঁর বিরুদ্ধেও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়েছেন।












