বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ বাড়ছে। সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সকল যোগ্যরা টাকা পাবেন। তবে বিতর্ক যেন তাতেও শেষ হচ্ছে না। কেন সঠিকভাবে ফর্ম পূরণ করেও অন্নপূর্ণার টাকা মিলছে না, সেই প্রশ্ন তুলছেন আবেদনকারীরা। এবার কেন অন্নপূর্ণা পাননি, তার কারণ বললেন বিজেপি কিষান মোর্চার সভাপতি রাজীব ভৌমিক ও চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ (Subir Nag)।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা বিধায়কের | Annapurna Yojana
তিনি বলেন, “আগের সরকারের আমলে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের একটা নেক্সাস ছিল। তারা তৃণমূল সমর্থক মহিলাদের নাম তুলে দিয়েছে। স্থানীয় ভাবে ডেটা এন্ট্রি অপারেটর হওয়ার কারণে বিজেপি মহিলাদের প্রতি কিছু প্রতিহিংসা হয়নি এটা অস্বীকার করার জায়গা নেই।” সেসব খতিয়ে দেখে পরবর্তীকালে সেগুলোকে রিকভার করার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। এখনো যেগুলো আছে আগামী দিনে সেগুলো ঠিক করা হবে বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক।
একইসাথে বিধায়ক আরও বলেন, “অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। পাশের বাড়ির বৌদি ৩ হাজার টাকা পেয়ে যাচ্ছে, আর অন্যরা পাচ্ছে না, তারপর পুজোর মরশুমে ১২০০০ টাকা একজন পেয়ে গেলেন, সেটা মেনে নেওয়াটা একটু কঠিন।” তিনি জানান, “অনেকেই আমার কাছে এসে বলেছে, আমি যখন পাচ্ছি না সবারটা বন্ধ করে দিন। হয়ত দু-তিন মাস পাননি বলে দুঃখ হয়েছে। তবে আমরা বলছি দু-তিন মাস নিয়ে ভাববেন না। বিজেপি ২৫ বছর থাকবে। তাই ২৫ বছর ধরে কোনটা পাওয়া যাবে সেটা ভাবুন।”

বিজেপির মহিলারা এই প্রকল্প থেকে বঞ্চিত, সেই কথা মেনে নিয়ে বিধায়ক বলেন, “আমরা ক্ষমতায় এসেছি। সরকারে এসেছি। কিন্তু পঞ্চায়েত পুরসভা যারা চালাচ্ছে তারা তো আগের সরকার দ্বারা নিযুক্ত। আমাদের সরকার দ্বারা নিযুক্ত একজন ব্যক্তিও এখন কাজের মধ্যে নেই।”
আরও পড়ুন: আরও ২%, রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের DA বৃদ্ধির সিদ্ধান্ত, কার্যকর অক্টোবর থেকেই
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে গত ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। একজন যোগ্যও বঞ্চিত হবে না বলে জানিয়েছেন তিনি। এবার পুজোর মাসে বঞ্চিতদের কপাল খোলে কিনা সেটাই দেখার।













