বাংলা হান্ট ডেস্ক : প্রথম দফার ভোট (Assembly Election) মোটামুটি নির্বিঘ্নে সম্পন্ন হলেও দ্বিতীয় দফা ঘিরে বাড়ছে উৎকণ্ঠা। বিশেষ করে দক্ষিণবঙ্গে সম্ভাব্য অশান্তির আশঙ্কা এবং বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে সর্বত্র। এই আবহেই ভোটের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার ঘটনা, নতুন করে আলোচনায় এসেছে।
শান্তিপূর্ণ ভোটের জন্য মামলা হাইকোর্টে (Calcutta High Court)
প্রথম পর্বের ভোটে কোচবিহার থেকে আলিপুরদুয়ার—বিক্ষিপ্ত সংঘর্ষের খবর মিললেও বড়সড় রক্তপাত বা বুথ দখলের অভিযোগ তেমন শোনা যায়নি। কিন্তু দ্বিতীয় দফা যত ঘনিয়ে আসছে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা তত বাড়ছে।
রাজ্যের একাধিক জায়গায় বিস্ফোরক উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৩০০০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ভোটের ঠিক আগে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস আদালতের হস্তক্ষেপ চেয়ে শান্তিপূর্ণ ভোটের আবেদন করেছেন। তার বক্তব্য, যে হারে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, তাতে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন আইনজীবী সুবীর সান্যাল।

আরও পড়ুন : সংখ্যায় কম হয়েও পুরুষদের থেকে ভোটদানে এগিয়ে মহিলারা, কোন কেন্দ্রে কত ভোট পড়ল প্রথম দফায়?
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীদের অভিযোগ, শাসকদল প্রশাসনকে ব্যবহার করে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। পাল্টা শাসক শিবিরের দাবি, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন এত বিস্ফোরক উদ্ধার হচ্ছে, তার দায় নির্বাচন কমিশনেরই। দ্বিতীয় দফার ভোটের আগে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আদালতের পদক্ষেপ এই পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।












