বাংলা হান্ট ডেস্ক : বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে ফের একাধিক সস্তার অফার নিয়ে হাজির বিএসএনএল (BSNL)। সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে এবার ব্রডব্যান্ড ও মোবাইল—দুই ক্ষেত্রেই আকর্ষণীয় পরিষেবা দেওয়ার পথে হাঁটছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। বিশেষ করে যাঁদের প্রতিদিন প্রচুর ডেটার প্রয়োজন, কিংবা যাঁরা বাড়িতে কম খরচে ইন্টারনেট সংযোগ নিতে চান, তাঁদের জন্য রয়েছে একাধিক বিকল্প। ২৫৯ টাকার ব্রডব্যান্ড থেকে শুরু করে ৩৪৯ টাকার মোবাইল রিচার্জ, প্রতিটি প্যাকেই রয়েছে আলাদা চমক।
কম খরচে বিএসএনএল (BSNL)-এর দারুণ প্ল্যান
শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষকেও দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনতে ভারতনেট ফাইবার প্রকল্পের মাধ্যমে এই পরিষেবা চালু করেছে BSNL। মাসে মাত্র ২৫৯ টাকা খরচ করলেই মিলবে সর্বোচ্চ ২৫ এমবিপিএস গতির সীমাহীন ব্রডব্যান্ড সংযোগ। শুধু ইন্টারনেট নয়, এই প্যাকের আওতায় থাকছে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ।

নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে ইনস্টলেশন চার্জও দিতে হবে না। বাড়িতে পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় মডেম-সহ হোম ইনস্টলেশনের ব্যবস্থা বিনামূল্যে করবে সংস্থা। এর পাশাপাশি থাকছে ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। অর্থাৎ স্বল্প খরচে ইন্টারনেটের পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও মিলবে এই প্যাকের মাধ্যমে।
আরও পড়ুন : এসি লোকালের সুবিধা এবার শিয়ালদহ দক্ষিণেও, বাড়তে পারে একাধিক রুটের ট্রেন সংখ্যা
উৎসবের মরশুমে মোবাইল গ্রাহকদের জন্যও বিশেষ চমক রেখেছে BSNL। ২৭৯৯ টাকার বার্ষিক রিচার্জে নির্ধারিত সময়ের সঙ্গে আরও এক মাসের পরিষেবা যোগ করছে সংস্থা। এর ফলে ৩৬৫ দিনের পরিবর্তে এখন একটানা ৩৯৫ দিন পর্যন্ত প্যাকের সুবিধা ভোগ করা যাবে। এই রিচার্জে দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে রোমিং এবং সীমাহীন ভয়েস কলের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন পাওয়া যাবে ৩ জিবি করে উচ্চগতির ইন্টারনেট এবং ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা।
কম দামে বিপুল পরিমাণ ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতেও নতুন মাসিক প্যাক সামনে এনেছে BSNL। ৩৪৯ টাকা খরচ করলে ২৮ দিনের জন্য মিলবে মোট ৩০০ জিবি ডেটা। তার সঙ্গে থাকছে দেশের সর্বত্র রোমিং পরিষেবা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধা। এই প্যাকের ক্ষেত্রে দৈনিক ডেটা ব্যবহারের কোনও নির্দিষ্ট সীমা রাখা হয়নি।












