বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) আয়কর ব্যবস্থা নিয়ে বড় ধরনের পরিবর্তনের কথা ঘোষণা করেছে সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল ৬০ বছর ধরে চলে আসা পুরনো আয়কর আইন এবার বাতিল হতে চলেছে। তার জায়গায় আসছে সম্পূর্ণ নতুন আয়কর আইন, যা কার্যকর হবে ১ এপ্রিল ২০২৬ থেকে। যদিও আয়করের স্ল্যাবে বড় কোনো ছাড় দেওয়া হয়নি, তবু কর ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ এবং আধুনিক করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে।
নতুন বাজেটে (Budget 2026) সবচেয়ে বড় ঘোষণা কী?
এই বাজেটে (Budget 2026) সবচেয়ে বড় ঘোষণা হল – ১৯৬১ সালের আয়কর আইন তুলে দেওয়া হচ্ছে। তার বদলে আসছে নতুন আয়কর আইন। সরকারের মতে, বর্তমান আইন অনেক জটিল এবং সাধারণ মানুষের জন্য বুঝতে কঠিন। নতুন আইনে নিয়মকানুন আরও সহজ ভাষায় সাজানো হবে, যাতে সাধারণ করদাতারা সহজেই নিজেদের কর সংক্রান্ত বিষয় বুঝতে পারেন।
শেয়ার বাজারের লগ্নিকারীদের জন্য বাড়তি খরচ
যাঁরা শেয়ার বাজারে ফিউচার অ্যান্ড অপশনস (F&O) ট্রেড করেন, তাঁদের জন্য বাজেটে কিছুটা খারাপ খবর রয়েছে।
ইকুইটি ফিউচারে STT কর ০.০২% থেকে বাড়িয়ে ০.০৫% করা হয়েছে। অপশন ট্রেডিংয়ে STT ০.১% থেকে বেড়ে ০.১৫% হয়েছে। এর ফলে শেয়ার বাজারে লেনদেনের খরচ আগের তুলনায় বেড়ে যাবে। বিশেষ করে নিয়মিত ট্রেডারদের উপর এর প্রভাব বেশি পড়বে।
সভরেন গোল্ড বন্ডে করছাড়ের নিয়ম বদল
সভরেন গোল্ড বন্ড (SGB) নিয়ে কর ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। আগে যেভাবেই গোল্ড বন্ড কেনা হোক, মেয়াদ শেষে করছাড় পাওয়া যেত। কিন্তু নতুন নিয়ম বলছে। নতুন নিয়ম অনুযায়ী –
- সরাসরি RBI থেকে গোল্ড বন্ড কিনে মেয়াদ পর্যন্ত ধরে রাখলে তবেই করছাড় মিলবে
- শেয়ার বাজার বা সেকেন্ডারি মার্কেট থেকে কেনা বন্ডে আর এই ছাড় পাওয়া যাবে না
এছাড়া শেয়ার বাইব্যাকের ক্ষেত্রেও আবার ক্যাপিটাল গেইনস ট্যাক্স চালু করা হয়েছে। তবে কর দিতে হবে শুধুমাত্র আসল লাভের ওপর।
বিদেশে টাকা পাঠানো এখন আরও সহজ
যাঁরা সন্তানদের বিদেশে পড়াশোনার জন্য টাকা পাঠান বা চিকিৎসার জন্য বিদেশে অর্থ পাঠান, তাঁদের জন্য সুখবর রয়েছে। আগে লিবারালাইজড রেমিট্যান্স স্কিমের আওতায় বিদেশে টাকা পাঠালে ৫% TCS দিতে হতো। নতুন নিয়মে তা কমিয়ে ২% করা হয়েছে। এর ফলে বিদেশে পড়াশোনা বা চিকিৎসার খরচের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি মিলবে। এই নিয়ম চালু হবে ১ এপ্রিল ২০২৬ থেকে।
NRI সম্পত্তি কেনাবেচা সহজ হলো
প্রবাসী ভারতীয়দের (NRI) কাছ থেকে সম্পত্তি কেনার প্রক্রিয়াও এবার অনেক সহজ করা হয়েছে। আগে NRI-এর কাছ থেকে বাড়ি বা জমি কিনতে গেলে ক্রেতাকে আলাদা করে TAN নম্বর নিতে হতো TDS কাটার জন্য। এখন সেই ঝামেলা আর নেই। নতুন আয়কর আইন অনুযায়ী এবার থেকে শুধু PAN কার্ড ব্যবহার করেই TDS কেটে সম্পত্তি কেনা যাবে। এর জন্য আলাদা TAN নম্বর নেওয়ার প্রয়োজন হবে না। এর ফলে সাধারণ মানুষের আইনি ঝামেলা অনেকটাই কমবে।
ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কড়া নিয়ম
সরকার এবার ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। ক্রিপ্টো এক্সচেঞ্জগুলি লেনদেনের তথ্য ঠিকভাবে না দিলে প্রতিদিন ২০০ টাকা জরিমানা দিতে হবেভুল তথ্য দিলে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এর মূল উদ্দেশ্য হল ক্রিপ্টো লেনদেনে কর ফাঁকি বন্ধ করা।
রিটার্ন জমার সময় বাড়ল
সাধারণ করদাতাদের জন্য একটি ভালো খবরও আছে। সংশোধিত বা Revised Return জমা দেওয়ার সময় ৯ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হয়েছে। তবে দেরিতে রিটার্ন জমার সময়সীমা আগের মতোই রাখা হয়েছে। এছাড়া কম টিডিএস বা শূন্য টিডিএস সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইন অটোমেটেড ব্যবস্থা চালু করা হবে, যা ছোট করদাতাদের কাজে লাগবে।

আরও পড়ুনঃ সিন্ডিকেট যুদ্ধ নাকি পরিকল্পিত হামলা? গোলপার্কে ভয়াবহ তাণ্ডব দুষ্কৃতিদের, বোমা-গুলিতে রক্তাক্ত এলাকা
সব মিলিয়ে নতুন বাজে (Budget 2026) সরাসরি আয়করে বড় ছাড় না দিলেও পুরো কর ব্যবস্থাকে নতুন করে সাজানোর চেষ্টা করেছে। কিছু ক্ষেত্রে খরচ বেড়েছে, আবার কিছু জায়গায় সাধারণ মানুষ সুবিধাও পেয়েছেন, বিশেষ করে বিদেশে টাকা পাঠানো এবং রিটার্ন জমার ক্ষেত্রে।












