অবিবাহিত-বিধবা-ডিভোর্সি মেয়েও পেতে পারে মা-বাবার পেনশন! তবে কখন? স্পষ্ট করল হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court clarifies family pension rules
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীরা অবসরের পর মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ পেনশন পান। কোনও পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর স্বামী বা স্ত্রী সাধারণত ফ্যামিলি পেনশন (Family Pension) পেয়ে থাকেন। স্বামী বা স্ত্রীরও যদি মৃত্যু হয়ে থাকে, সেক্ষেত্রে সন্তান এই পেনশন পাওয়ার দাবিদার হতে পারেন। তবে সব সন্তান নয়, কিছু মাপকাঠি রয়েছে। এবার এই ফ্যামিলি পেনশন সংক্রান্ত এক মামলাতেই বড় নিয়ম স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

কারা ফ্যামিলি পেনশন পেতে পারে জানাল আদালত | (Calcutta High Court)

সম্প্রতি এক বিবাহবিচ্ছিন্না মহিলা তাঁর প্রয়াত বাবার ফ্যামিলি পেনশন পাওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি আবেদন করেন, ২০১৮ সালে তাঁর বাবার মৃত্যু হয়েছে। এরপর থেকে তাঁর বাবার পেনশন তাঁকে দেওয়া হোক। যদিও তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, আবেদনকারী মহিলা পেনশন পাওয়ার যোগ্য নন। পাশাপাশি কারা ফ্যামিলি পেনশন পেতে পারেন সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বালুরঘাটবাসীকে জোড়া উপহার! বিমানবন্দর ও মেডিক্যাল কলেজ নিয়ে দুই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মামলাকারীর দাবি ছিল, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ২০০১ সাল থেকে তিনি বাবার সঙ্গেই থাকতেন। আর্থিকভাবে তাঁর উপরেই সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। সেই কারণে তিনি এই পেনশনের দাবিদার। তাঁর যুক্তি ছিল, ২০০৮ সালের মেমোর‍্যান্ডাম অনুসারে অবিবাহিত, ডিভোর্সি ও বিধবা মেয়েরাও ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য।

তবে এই মামলায় দেখা যায়, আবেদনকারী মহিলা ডিভোর্সি হলেও, বিচ্ছেদের আবেদন ২০২১ সালে করা হয়েছিল। এর আগে একটি ডিভোর্স সুট করা হলেও তা খারিজ হয়ে যায়। ফলে বাবার মৃত্যুর সময় তিনি ডিভোর্সি ছিলেন এমনটা বলা যাচ্ছে না। এই জায়গাতেই প্রশ্ন ওঠে। আইনজীবী নয়নচাঁদ বিহানি আবেদনকারী মহিলার বিপক্ষে সওয়াল করেন।

সরকারি নিয়ম তথা মেমোর‍্যান্ডাম বলছে, অবিবাহিত, ডিভোর্সি ও বিধবা মেয়েরা ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য। তবে সেক্ষেত্রে মূলত দু’টি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, মা, বাবার মৃত্যুর সময়েই সন্তানকে অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা হতে হবে। বাবার মৃত্যুর পর যদি কারও বিবাহবিচ্ছেদ হয় বা স্বামীর মৃত্যু হয়, তাহলে তিনি ফ্যামিলি পেনশন পাবেন না।

Calcutta High Court

দ্বিতীয়ত, কোনও অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা মহিলা যদি আর্থিকভাবে স্বনির্ভর হন ও মা, বাবার উপর নির্ভরশীল না হয়ে থাকেন, তাহলেও তিনি ফ্যামিলি পেনশন পাওয়ার দাবিদার নন। নির্ভরশীল হলেই পেনশন পাবেন। এই মামলার ক্ষেত্রে ২০১৮ সালে আবেদনকারীর বাবার মৃত্যু হয়েছে। সেই সময় আইনত তিনি বিবাহিত ছিলেন। তাই এই যোগ্যতার বাইরে পড়েন।

সব পক্ষের সওয়াল জবাব শোনার পর হাইকোর্ট জানায়, এই মামলাটির ক্ষেত্রে আবেদনকারী মহিলার বাবার মৃত্যুর তারিখ সবচেয়ে জরুরি। এর উপর ভিত্তি করেই আবেদনের যোগ্যতার বিচার হবে। ২০১৮ সালে বাবার মৃত্যুর সময় আবেদনকারী মহিলা ডিভোর্সি ছিলেন না। সেই সময় বাবার পেনশন পাওয়ার অধিকারীও ছিলেন না তিনি। সেই কারণে তিনি ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য নয় বলে রায় দিয়েছে উচ্চ আদালত।