ভুয়ো SC সার্টিফিকেট মামলায় বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court issues major directive in fake SC certificate case.
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভুয়ো এসসি জাতির শংসাপত্র নিয়ে অভিযোগ উঠলে বিষয়টি শুধু প্রশাসনিক দফতরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজন হলে পুলিশও এ ধরনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত করতে পারবে। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে একটি মামলার শুনানিতে স্পষ্ট হয়ে গেল, ভুয়ো SC সার্টিফিকেট তৈরি বা ব্যবহার সংক্রান্ত অভিযোগে পুলিশের দ্বারস্থ হওয়ার ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা নেই।

এসসি শংসাপত্র প্রসঙ্গে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)

মামলাটির সূত্রপাত বনগাঁ থানায় দায়ের হওয়া একটি এফআইআরকে কেন্দ্র করে। টুম্পা বিশ্বাস ওরফে টুম্পা রায় ওই এফআইআর বাতিলের আবেদন নিয়ে হাই কোর্টে যান। তাঁর দাবি ছিল, তপশিলি জাতির শংসাপত্রের বৈধতা বা অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেখার কথা। সেই কারণে সরাসরি পুলিশের মাধ্যমে এফআইআর করে তদন্ত চালানো যায় না বলেই আদালতে সওয়াল করা হয়।

আবেদনকারীর এই বক্তব্যের সঙ্গে অবশ্য একমত হয়নি আদালত। বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে, কোনও ব্যক্তি ভুয়ো শংসাপত্র তৈরি করলে অথবা সেই নথি ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার মধ্যে ফৌজদারি অপরাধের প্রশ্ন জড়িয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করবে না—এমন কোনও আইনি বিধান নেই।

হাইকোর্ট জানিয়েছে, অপরাধের অভিযোগ থাকলে তার তদন্ত করার ক্ষমতা পুলিশের রয়েছে। সেই কারণেই বনগাঁ থানায় দায়ের হওয়া এফআইআরকে সরাসরি বেআইনি বলে বাতিল করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।এই মামলায় তাই এফআইআর খারিজের আবেদন গ্রহণ করেনি হাই কোর্ট। ফলে বনগাঁ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।

Calcutta High Court issues major directive in fake SC certificate case.
আরও পড়ুন :অন্নপূর্ণা, আবাস থেকে PM-KISAN! ‘সেবা সেতু’ ক্যাম্পে মিলবে এই প্রকল্পগুলির ফর্ম

হাই কোর্টের এই সিদ্ধান্তে একটি বিষয় স্পষ্ট হল—তপশিলি জাতির শংসাপত্র নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে প্রশাসনিক যাচাইয়ের পাশাপাশি, অভিযোগের মধ্যে ফৌজদারি অপরাধের উপাদান থাকলে পুলিশি তদন্তও চলতে পারে। একই ধরনের মামলার ক্ষেত্রে বুধবারের এই পর্যবেক্ষণ ভবিষ্যতে আইনি দৃষ্টান্ত হিসেবে আলোচনায় আসতে পারে।