গারদের অন্ধকারেই কাটবে আলোর উৎসব! অভিষেকের পিএ-র জামিনের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court rejects Abhishek Banerjee PA Sumit Roy bail plea

বাংলা হান্ট ডেস্কঃ আলোর উৎসবের আগেও জেলমুক্তি হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের (Sumit Roy)। তাঁর জামিনের আবেদনে আপাতত সাড়া দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, পুজোর ছুটি কাটিয়ে আগামী ১৬ নভেম্বর আদালত খুললে এই মামলার শুনানি হবে।

সুমিতের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট | (Calcutta High Court)

বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর শালবনি জমি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন সুমিত। এই মামলাতেই আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদন খারিজ হওয়ার কিছুসময়ের মধ্যেই অভিষেক বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Calcutta High Court

এরপর সেই গ্রেফতারি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদের পিএ। তবে উচ্চ আদালতেও মিলল না স্বস্তি। শুক্রবার বিচারপতি মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল। সেই সময় আদালত জানায়, এখনই জামিন পাবেন না সুমিত। পুজোর ছুটির পর আদালত খুললে তাঁর আবেদন বিবেচনা করা হবে।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার মতোই কালীপুজোর আগে মিলবে বার্ধক্য ভাতা! দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন সুমিতের তরফে আইনজীবী কিশোর দত্ত হাইকোর্টে সওয়াল করেন। তিনি দাবি করেন, প্রায় পাঁচ বছর পুরনো মামলায় তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে।

পাল্টা রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, বর্তমানে এই মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্তকারী আধিকারিকদের হাতে মামলার আওতায় বহু তথ্য আছে। এই পরিস্থিতিতে অভিযুক্ত জামিন পেলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।

উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আপাতত সুমিতের জামিনের আবেদনে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। আগামী ১৬ নভেম্বর আদালত খুললে নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি মুখোপাধ্যায়। পুজোর ছুটির পর শুনানিতে কী হয় সেদিকে নজর থাকবে। তবে এবারের আলোর উৎসব জেলের মধ্যেই কাটাতে হবে সুমিতকে।