মিলল স্বস্তি! ভোটের আগেই কলকাতা হাইকোর্টে বড় জয় কুণাল ঘোষের

Published on:

Published on:

kunal ghosh(1)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র ক’টা দিন। তারপরই বঙ্গে ভোট উৎসব। শাসক থেকে বিরোধী, সকলেই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। এই সময়ই আদালতে বড়সড় স্বস্তি পেলেন বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল নেতার ‘কর্পূর’- সিনেমাটির প্রদর্শনী বন্ধের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তা খারিজ করে দিল প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।

কুণালের ‘কর্পূর’ মুক্তি নিয়ে বাধা নেই | Kunal Ghosh

শুক্রবার এই সংক্রান্ত মামলা খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। প্রসঙ্গত, সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’ সিনেমাটির প্রদর্শনী বন্ধের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন গোপাল সামন্ত নামক এক ব্যক্তি।

মামলাকারীর অভিযোগ, কর্পূর’ সিনেমায় ব্রাত্য বসু এবং কুণাল ঘোষের মতো ব্যক্তিত্বরাও অভিনয় করেছেন। এনারা আবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ভোটের ঠিক আগে পর্দার তাঁদের উপস্থিতি ভোটারদের প্রভাবিত করতে পারে বলে দাবি করেন ওই ব্যক্তি। ভোট না মিটে যাওয়া পর্যন্ত তাই ছবির মুক্তি যাতে স্থগিত রাখা হয় সেই আবেদন জানানো হয় আদালতে।

মামলাকারীর যুক্তি ছিল, এই মুহূর্তে সিনেমাটি মুক্তি পেলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারে। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী গোপাল সামন্ত পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন। তিনি ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা। এক্ষেত্রে আবেদনকারী সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দা না হলে জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা থাকে না বলে পুরোনো একটি মামলার উদাহরণ দেয় আদালত।

Kunal Ghosh

আরও পড়ুন: ‘লাভলিকে ভুল শুধরে নেওয়ার..’ সোনারপুর প্রচারসভায় তৃণমূল প্রার্থীর জন্য আবেদন মমতার

আদালত জানায়, এই মামলা ভিত্তিহীন। যদিও কোর্ট উল্লেখ করেছে যদি নির্বাচন সংক্রান্ত সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে যদি কোনও পদক্ষেপ করার প্রয়োজনীয়তা থাকে তাহলে জাতীয় নির্বাচন কমিশন তা করতে পারে। আদালতের রায়ে স্বস্তিতে কুণাল ঘোষেরা। ছবির মুক্তি নিয়ে আপাতত আর কোনো অনিশ্চয়তা থাকল না।