বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে কর্মসংস্থান ও বেকারত্ব সমাজের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যুবক-যুবতীদের ভালো চাকরির জন্য সচেষ্ট হয়েছে সরকারও। আর এবার জানা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়েই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme) এ যুক্ত হল। যার ফলে বহু শিক্ষার্থীর চাকরির স্বপ্ন পূরণ হবে। কারা এই সুবিধা পাবেন? কিভাবে আবেদন করতে হবে? সবটাই রইল আজকের প্রতিবেদনে।
PM Internship চালু করল Calcutta University
গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজা বাজার সায়েন্স কলেজে এক সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই পিএম ইন্টার্নশিপ বা PMIS এ অন্তর্ভুক্তিকরণের কথা জানান উপাচার্য আশুতোষ ঘোষ। তিনি জানান, ‘পড়ুয়াদের কাছে এটি একটি বড় সুযোগ। শিক্ষানবিশ অবস্থায় দক্ষতার পরিচয় দিতে পারলেই কর্ম সংস্থানের দুশ্চিন্তা কমবে’।
পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দিপ্তেন্দু চট্টোপাধ্যায় বলেন, ষষ্ঠ সেমিস্টারের পর পিএম ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে। এরপর তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ও সমস্ত কিছু দেখে উপযুক্ত কোনো সংস্থায় ইন্টার্ন হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুনঃ টাকা-সোনাদানার বদলে ১২৫ এরও বেশি চাকরি! পুর দুর্নীতিতে অভিযুক্ত মদন, তল্লাশি শুরু ইডির
ইন্টার্নশিপ শেষে থাকবে স্থায়ী চাকরি!
সবচেয়ে ভালো বিষয় হল, শুরুতে ইন্টারশিপের সময় মাসিক ১০,০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ ৬ মাসে মোট ৬০,০০০ টাকা পাওয়া যাবে। শুধু তাই নয়, যদি কাজ সন্তোষজনক হয় উক্ত সংস্থা স্থায়ী চাকরিও দিতে পারে। বর্তমান সময়ে যেখানে একটা ভালো কাজের জন্য হাজার হাজার পদপ্রার্থীদের ভিড় লেগে যায় সেখানে এটি সুবর্ণ সুযোগের মত। বিশ্ববিদ্যালয়ের মতে এই স্কিম চালু হওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ইতিমধ্যেই প্রায় ৩০০ শিক্ষার্থী PM Internship Scheme এ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে নেশামুক্ত ভারত গঠনের অঙ্গীকার নেওয়া হয়। পড়ুয়াদের নেশা থেকে দূরে থাকা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রতিনিধি, কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের কর্তারা, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা বিভাগের অধিকারী থেকে শুরু করে আরও অনেকে।













