বাংলাহান্ট ডেস্ক : রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের (Liquefied Petroleum Gas) সময়ের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি নতুন করে। আগে যে নিয়ম ছিল তাই রয়েছে। বুধবার সকালে বিবৃতি জারি করে এমনটাই জানাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এদিকে সিলিন্ডার সরবরাহকারী সংগঠনের দাবি, মঙ্গলবারই নাকি হোয়াটসঅ্যাপে তাদের কাছে নতুন নির্দেশ এসেছিল। কিন্তু বুধবার সকালে তারা দেখেন, মুছে দেওয়া হয়েছে সেই বার্তা।
এলপিজি গ্যাস সিলিন্ডার (Liquefied Petroleum Gas) বুকিংয়ের সময়ের ফের বদল?
মঙ্গলবার খবর ছড়ায়, এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে সময়ের নাকি আবারও বদল হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে নাকি দুটি সিলিন্ডার বুকিংয়ের মাঝে ব্যবধান বাড়িয়ে করা হয়েছে ৪৫ দিন। যারা উজ্জ্বলা যোজনার গ্রাহক নন তাদের ক্ষেত্রে একটি সিলিন্ডার ব্যবহার করলে বুকিংয়ের ব্যবধান থাকবে ২৫ দিন।

বিবৃতি দিল কেন্দ্র: অন্যদিকে যারা দুটি সিলিন্ডার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বুকিংয়ের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দিন। স্বাভাবিক ভাবেই এই খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমানসে। তারপরেই বুধবার কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট করা হয়, যে খবর ছড়িয়েছে তা ভুল। এমন কোনও পরিবর্তনই করা হয়নি। গ্যাস সিলিন্ডার বুকিংয়ের মাঝে সময়ের ব্যবধান আগে যা ছিল এখনও তাই রয়েছে।
আরও পড়ুন : সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন! ঘুরে আসুন মাত্র ৪ ঘন্টায় মাইথন থেকে
কী জানিয়েছে কেন্দ্র: বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বুকিংয়ের নিয়ম রয়েছে শহরাঞ্চলের ক্ষেত্রে দুটি সিলিন্ডার (Liquefied Petroleum Gas) বুকের মাঝে ২৫ দিনের ব্যবধান। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ব্যবধান ৪৫ দিনের। যেকোনো এলপিজি সংযোগ, একটি বা দুটি সিলিন্ডার নির্বিশেষে এই নিয়মই থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন : একধাক্কায় ৩ হাজার! টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার-যুবসাথীতে? নির্বাচনী আবহে জল্পনা তুঙ্গে
যদিও সিলিন্ডার সরবরাহকারীদের দাবি আলাদা। সিলিন্ডার সরবরাহকারী সংগঠনের তরফে জানানো হয়েছে, নতুন নিয়মের নির্দেশ পৌঁছেছিল তাদের কাছে। সেই নির্দেশের প্রেক্ষিতেই তারা নতুন নিয়মের কথা জানিয়েছিল। কিন্তু সেই বার্তা এখন মুছে দেওয়া হয়েছে বলে দাবি।












