বাংলাহান্ট ডেস্ক: ডিজিটাল লেনদেন নিয়ে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির বার্তা দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI (UPI Payments)-এর মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে গ্রাহক কিংবা ব্যবসায়ী—কাউকেই কোনও ধরনের মাশুল বা অতিরিক্ত চার্জ দিতে হবে না। ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও এই ধরনের ফি নেওয়া থেকে স্পষ্টভাবে বিরত থাকতে বলা হয়েছে। তবে, তার বেশি টাকার লেনদেন হলেই এ বার থেকে মাশুল গুনতে হবে। অর্থাৎ, দিতে হবে বাড়তি টাকা। যার হার হবে লেনদেনের অঙ্কের ০.৪ শতাংশ। এদিন জারি করা সরকারি নির্দেশিকায় বিষয়টি পরিষ্কার করে দিয়েছে অর্থ মন্ত্রক। একই নিয়ম প্রযোজ্য হবে RuPay ডেবিট কার্ডের মাধ্যমে করা ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রেও। ফলে ছোট অঙ্কের ডিজিটাল পেমেন্ট নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, আপাতত তার অবসান হল।
২০০০ টাকা পর্যন্ত UPI (UPI Payments) লেনদেনে কোনও চার্জ লাগবে না, জানালো কেন্দ্র
দেশে UPI (UPI Payments) নির্ভরতা গত কয়েক বছরে যে হারে বেড়েছে, তার সঙ্গে এই সিদ্ধান্তের গুরুত্বও যথেষ্ট। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশে ২৪ হাজার কোটিরও বেশি বার UPI-এর মাধ্যমে লেনদেন হয়েছে। ওই লেনদেনের মোট অর্থমূল্য প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকা। চায়ের দোকান থেকে শুরু করে ছোট মুদিখানা, রেস্তরাঁ, রাস্তার ধারের ব্যবসা—প্রায় সর্বত্রই এখন QR কোড স্ক্যান করে টাকা মেটানো অভ্যাসে পরিণত হয়েছে। তাই ছোট অঙ্কের UPI পেমেন্টে চার্জ বসার সম্ভাবনা তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়তে পারত সাধারণ ক্রেতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর। অর্থ মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশ সেই সম্ভাবনাকেই কার্যত নাকচ করে দিল।
আরও পড়ুন: মুকুল রায়ের পুত্রবধূ এখনও নিখোঁজ, শর্মিষ্ঠাকে নিয়ে গুজবে এবার মুখ খুললেন শুভ্রাংশু
তবে এই সিদ্ধান্তের আগে UPI লেনদেনে ভবিষ্যতে অতিরিক্ত পরিষেবা মাশুল বসতে পারে কি না, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। সংশোধিত ব্যবস্থায় বিজ্ঞপ্তি জারি করে ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে নির্দিষ্ট ক্ষেত্রে সার্ভিস চার্জ নেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে বিরোধীরা প্রশ্ন তুলেছিল। তাদের আশঙ্কা ছিল, এর ফলে ভবিষ্যতে সাধারণ মানুষের বহুল ব্যবহৃত UPI পরিষেবাতেও বাড়তি খরচ চাপতে পারে।
সেই সময়ই কেন্দ্রের তরফে বারবার জানানো হয়েছিল, সাধারণ মানুষের দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে কোনওভাবেই ব্যয়বহুল করে তোলার পরিকল্পনা নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও স্পষ্ট করেছিলেন যে, UPI ব্যবহারকারীদের উপর কোনও বাড়তি আর্থিক বোঝা চাপানো হবে না। সেই আশ্বাসের পর সোমবারের সরকারি বিজ্ঞপ্তি কার্যত কেন্দ্রের অবস্থানকে আরও পরিষ্কার করে দিল। অর্থাৎ, ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনের ক্ষেত্রে গ্রাহক বা ব্যবসায়ীর কাছ থেকে কোনও মাশুল আদায় করা যাবে না। RuPay ডেবিট কার্ডের ক্ষেত্রেও একই সুবিধা বজায় থাকবে।

আরও পড়ুন:রেজিনগরের লড়াইয়ে অভিজ্ঞ মুখ, বিজেপির প্রার্থী হলেন দলের প্রাক্তন জেলা সভাপতি শাখারভ
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধা পাবেন দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং সেই বিপুল সংখ্যক মানুষ, যাঁরা প্রতিদিনের ছোটখাটো কেনাকাটার জন্য UPI (UPI Payments) ব্যবহার করেন। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কম খরচে লেনদেনের সুযোগ গুরুত্বপূর্ণ। বিশেষ করে নগদ টাকার পরিবর্তে QR কোড বা মোবাইল পেমেন্টের ব্যবহার বাড়াতে এই মাশুলমুক্ত ব্যবস্থা সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে সাহায্য করবে। গত কয়েক বছরে UPI যে ভাবে ভারতের দৈনন্দিন আর্থিক লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে, তাতে কেন্দ্রের এই সিদ্ধান্ত সেই ব্যবস্থাকে আরও জনপ্রিয় করার পাশাপাশি ছোট ব্যবসার ক্ষেত্রেও ডিজিটাল লেনদেনের প্রবণতা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।













