বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর কাজ (Chingrighata metro) নিয়ে অবশেষে আশার আলো দেখা গেল। নানা জটিলতায় থমকে থাকা কবি সুভাষ–কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ) মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগোনোর জন্য নতুন রাস্তা চালু করল কলকাতা পুলিশ। কলকাতা হাই কোর্টের কড়া নির্দেশের পরেই এই সিদ্ধান্ত।
চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর কাজ (Chingrighata metro) চালুর নির্দেশ কলকাতা হাই কোর্টের
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর কাজ (Chingrighata metro) চালুর নির্দেশ দেয়। আদালতের ভর্ৎসনার পরেই দ্রুত পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ। মেট্রোর কাজ যাতে দ্রুত এগোয়, সেই কারণে উত্তরমুখী অর্থাৎ সাইন্স সিটির দিক থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার জন্য ক্যাপ্টেন ভেড়ির লাগোয়া অংশে নতুন রাস্তা দিয়ে যান চলাচল শুরু করা হয়েছে।
ক্যাপ্টেন ভেড়ির দিক থেকে প্রায় ৪৫০ মিটার অংশে ডাইভারশন তৈরি করে চিংড়িঘাটা উড়ালপুল পেরিয়ে বাঁদিকের রাস্তা দিয়ে গাড়ি বের করানোর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, মেট্রো করিডরের নীচ দিয়ে এই নতুন রাস্তা কয়েক মাস আগেই তৈরি হয়ে গিয়েছিল। চিংড়িঘাটা উড়ালপুলে ওঠার আগে সেই রাস্তাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। উল্টোডাঙা ট্রাফিক গার্ড সূত্রে জানা গিয়েছে, এবার থেকে বাস এবং মালবাহী যানগুলি ক্যাপ্টেন ভেড়ির সামনে দিয়ে ঢুকে চিংড়িঘাটার দিকে বেরোবে। অন্যদিকে, বাইক, ট্যাক্সি এবং ছোট গাড়িগুলি আগের মতোই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়েই চলাচল করবে।
চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata metro) ৩৬৬ মিটার কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রো, রাজ্য প্রশাসন ও কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়ে আসছিল। রাতের বেলায় অন্তত তিন দিন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটার অংশ বন্ধ রেখে কাজ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই অনুরোধে কাজ না হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
এরপরই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রাজ্য প্রশাসন ও কলকাতা পুলিশকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন এবং ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জটিলতা মেটানোর নির্দেশ দেন। তার পরেই দীর্ঘদিন আগে তৈরি হয়ে যাওয়া রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই বিষয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা বলেন, “এই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রোর সঙ্গে কথা হয়েছে। সমস্যার সমাধানের ব্যাপারে আলোচনা চলছে।”

আরও পড়ুনঃ লক্ষ লক্ষ কর্মীর জন্য সুখবর! ২০৩০ পর্যন্ত বাড়ল অটল পেনশন যোজনা, কত পেনশন পাবেন? জানুন
ট্রাফিক সূত্রের দাবি, নতুন ডাইভারশন চালু হওয়ায় চিংড়িঘাটা ফ্লাইওভারে (Chingrighata metro) ওঠার অংশ ব্যস্ত সময়েও অনেকটাই ফাঁকা থাকবে। পাশাপাশি, রাতের বেলায় রাস্তা ব্লক করে দিলেও আর বড় কোনও সমস্যা হবে না। তবে উত্তরমুখী রাস্তায় সমাধান মিললেও, দক্ষিণমুখী অর্থাৎ সাইন্স সিটি বা গড়িয়া অভিমুখী যান চলাচল কোন দিক দিয়ে ঘোরানো হবে, তা নিয়ে এখনও আলোচনা চলছে বলেই কলকাতা ট্রাফিক পুলিশের সূত্রে খবর।












