বাংলা হান্ট ডেস্ক : পুজোর আবহের মধ্যেই সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সোমবারের মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যজুড়ে নিয়োগের পরিকল্পনা সামনে আনেন তিনি। চলতি অর্থবর্ষে সরকারি চাকরিতে মোট এক লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রার পাশাপাশি বিভিন্ন দফতরে নতুন করে ১৪,৪৫৪টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী কয়েক মাস ধরে ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
পুলিশে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)
সবচেয়ে আগে নিয়োগপত্র হাতে পেতে চলেছেন পুলিশের চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দেবীপক্ষের ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। সোমবারের বৈঠকের পর নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা জট থেকে বেরিয়ে এসেছি। এসএসসিও ফাংসন করছে। পুরনো আমলে জট পাকিয়ে রেখেছিলেন। আমাদের খুলতে হয়েছে৷ দেবীপক্ষে ১১ তারিখে পুলিশের প্রথম ব্যাচকে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেব। সরকারি চাকরিতে ১ লাখ নিয়োগ হবে। বিভিন্ন দফতরে ১৪৪৫৪ নিয়োগ হবে। পুলিশ কুইক রেসপন্স টিমকে ৪০০ বাইক দেওয়া হবে।”
সরকারের পরিকল্পনা অনুযায়ী, শুধু একটি দফতরেই নয়, একাধিক সরকারি বিভাগে পর্যায়ক্রমে কর্মী নেওয়া হবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বন, দমকল ও জরুরি পরিষেবা এবং সংশোধনাগার-সহ বিভিন্ন দফতরে নতুন পদে নিয়োগের প্রক্রিয়া এগোবে। সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা এবং দফতরের মাধ্যমে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পুলিশ বাহিনীতেও থাকছে উল্লেখযোগ্য নিয়োগ। এর আগে রাজ্য সরকারের তরফে কলকাতা পুলিশে ৪ হাজার এবং পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার শূন্যপদ পূরণের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। অর্থাৎ দুই বাহিনী মিলিয়ে ১৬ হাজার পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুলিশি পরিকাঠামো আরও শক্তিশালী করার জন্য কুইক রেসপন্স টিমে মোটরবাইক দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : রেজিনগরে ভোট শুরুর পরেই হুমায়ুন গ্রেফতার! রিপোর্ট তলব করল নির্বাচন কমিশনের
সরকারি নিয়োগের এই কর্মসূচি কয়েক মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকাশিত মন্ত্রিসভা-সংক্রান্ত প্রতিবেদনে ৬ থেকে ৮ মাসের মধ্যে ১৪,৪৫৪টি নতুন পদে নিয়োগ সম্পন্ন করার কথা জানানো হয়েছে। ফলে অক্টোবর থেকে শুরু করে পরবর্তী কয়েক মাসে বিভিন্ন দফতরের নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে সামনে আসতে পারে।













