বাংলা হান্ট ডেস্ক : রেজিনগর উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা তৈরি হল। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) দলীয় কার্যালয় থেকে আটক করে থানায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। পুলিশের সঙ্গে বচসার পর তাঁকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে।
হুমায়ুন কবীরকে (Humayun Kabir) গ্রেফতারের ঘটনায় রিপোর্ট চাইল কমিশন
এই ঘটনার আগে অবশ্য নিজের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন হুমায়ুন। সপরিবারে শক্তিপুরে নিজের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি রেজিনগরে দলের কার্যালয়ে পৌঁছন। সেখান থেকে আরও কয়েকটি বুথে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। পুলিশ তাঁকে সেখানে যেতে বাধা দেয় বলে অভিযোগ। এরপর গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে তাঁর তর্ক শুরু হয়। কিছুক্ষণ বাদানুবাদের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পুলিশ তাঁকে গাড়িতে তুলে রেজিনগর থানায় নিয়ে যায়।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন নওদার বিধায়ক। ভোট দেওয়ার পর বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ ছিল, ভোটের আগে পুলিশকে ব্যবহার করে তাঁর দলের কর্মী-সমর্থকদের উপর চাপ তৈরি করা হচ্ছে। হুমায়ুন বলেন, “ওরা ভোটের আগে ভয় পেয়ে পুলিশের সাহায্য নিয়ে সাধারণ মানুষকে আক্রমণ করছে । আমাদের দলের ৬৪ জন সমর্থককে গ্রেফতার করেছে । কিন্তু এত কিছু করেও ভোট পাবে না বিজেপি । ওরা যত আক্রমণ করবে তত ভোট কমবে ।” একইসঙ্গে অবাধ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশেরও দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হুমায়ুনকে ঘিরে এই ঘটনার মধ্যে দিয়ে রেজিনগরের উপনির্বাচনের দিন উত্তপ্ত পরিস্থিতি। নির্বাচন কমিশন রিপোর্ট চাওয়ায় এখন ঘটনার বিস্তারিত বিবরণ প্রশাসনের তরফে কীভাবে দেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে। ভোট চলাকালীন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন : কোহলিকে ছুঁয়ে ফেলেছেন শ্রেয়স আইয়ার! আজ কি মহাতারকাকে টপকাতে পারবেন ভারত অধিনায়ক
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে রেজিনগর এবং নওদা—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। পরে রেজিনগর আসনটি তিনি ছেড়ে দেওয়ায় সেখানে নতুন করে ভোটের প্রয়োজন হয়। এবার ওই কেন্দ্রে নিজের দলের হয়ে প্রার্থী করেছেন ছেলে গোলাম নবী আজাদকে। এর আগে বিধানসভা নির্বাচনে রেজিনগর থেকে প্রায় ৫৯ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন হুমায়ুন। এখন কমিশনের রিপোর্টে ঘটনার কী ব্যাখ্যা উঠে আসে এবং ভোটপর্ব বাকি সময় কতটা শান্তিপূর্ণ থাকে, সেটাই দেখার।













