বাংলা হান্ট ডেস্ক : উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি সরকারের আগামী দিনের রূপরেখা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যবাসীর কাছে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে উত্তরবঙ্গকে উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
কী জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)?
পশ্চিমবঙ্গের নির্বাচনে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে উঠে এসেছে। সেই কারণেই সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। শনিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের আগে শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। সেখানেই তিনি বলেন, “আমরা সংকল্পপত্রে যা যা বলেছি, সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। তার কিছু ফল আপনারা পেয়েছেন। আগামী জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে, আগামী তিন মাস, ছ’মাস, এক বছরের মধ্যে আমরা মানুষের কাছে দেওয়া কথা পূরণ করব।” সরকারের উন্নয়ন পরিকল্পনায় উত্তরবঙ্গ যে বিশেষ গুরুত্ব পাবে, সে বিষয়েও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।
বিজেপির নির্বাচনী সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রাসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে।” পাশাপাশি তিনি জানান, আগামী জুলাই মাসে ফের উত্তরবঙ্গ সফরে আসবেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার কথাও বলে মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীর জন্য কোনও পরামর্শ থাকলে আমাদের পার্টির কর্মীরা তা জেলা সভাপতিদের কাছে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করবেন। নীচে (মোবাইল) নম্বরটি লিখে দেবেন। তাঁরা (জেলা সভাপতিরা) আমাকে পাঠিয়ে দেবেন। আমি এটা চালু করে দিয়ে গেলাম।”
এ দিনের বক্তব্যে রাজ্যে প্রশাসনিক সংস্কারের দিকেও জোর দেন শুভেন্দু। তাঁর দাবি, বিজেপি সরকারের আমলে দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট রাজ কিংবা মাফিয়াতন্ত্রের কোনও জায়গা থাকবে না। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই শুধু ঝান্ডা, দল, পথ, ব্যক্তির পরিবর্তন নয়। আমরা চাই ব্যবস্থার পরিবর্তন হোক। ইতিমধ্যে দু’সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি, সিন্ডিকেট-রাজ, মাফিয়াগিরি থাকবে না। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন।”

আরও পড়ুন : কারও ১৬ কারও ২৭ লক্ষ! এসএসসি নিয়োগ দুর্নীতিতে ১২% সুদ সহ ‘দাগি’দের কাদের কত ফেরাতে হবে?
পূর্বতন সরকারের বিরুদ্ধে মানুষকে বিভক্ত করার অভিযোগ তুলে তিনি বলেন, “একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস করেছে বিগত দিনে। পাহাড়ে জনগোষ্ঠীকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে।” উত্তরবঙ্গ সফরে শুভেন্দুর বক্তব্যে স্পষ্ট, আগামী দিনে উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং সংগঠনকে আরও শক্তিশালী করাকেই মূল লক্ষ্য করে এগোতে চাইছে বিজেপি সরকার।













