বাংলাহান্ট ডেস্ক: ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর (IndiGo) সাম্প্রতিক বিপর্যয়ের পর বড়সড় পদক্ষেপ। অবশেষে পদত্যাগ করলেন সংস্থার সিইও পিটার এলবারস। সূত্রের খবর দীর্ঘদিনের সমালোচনা ও চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতেই সংস্থার কর্মীদের মনোবল বাড়াতে এক অভিনব ইমেল পাঠিয়েছেন ইন্ডিগোর ম্যানেজিং ডিরেক্টর রাহুল ভাটিয়া। যেখানে তিনি কর্মীদের আশ্বস্ত করে লিখেছেন— “ম্যায় হুঁ না”, যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
ইন্ডিগোর (IndiGo) সিইও-র ইস্তফার পরই এমডির বার্তা ঘিরে সমালোচনা
ইমেলে রাহুল ভাটিয়া কর্মীদের উদ্দেশে স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন যে গত ডিসেম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা কোনওভাবেই কাম্য ছিল না। তাঁর কথায়, “ডিসেম্বরে যা ঘটেছিল তা কখনোই কাম্য নয়। আমাদের যাত্রীদের এটা প্রাপ্য নয়, আপনাদেরও নয়। বিশেষ করে আমাদের ফ্রন্টলাইন কর্মীদের, যাঁদের কোনও দোষ না থাকা সত্ত্বেও সমালোচনার মুখে পড়তে হয়েছে।” তিনি আরও বলেন, সংস্থার কর্মীরাই কঠিন সময়ে কোম্পানিকে টিকিয়ে রেখেছেন এবং তাঁদের ধৈর্য ও নিষ্ঠাই ইন্ডিগোর আসল শক্তি।
আরও পড়ুন: শুরু ক্রেতাদের হুড়োহুড়ি! সহজ EMI স্কিমে আজই বাড়িতে আনুন Royal Enfield Hunter 350
ইমেলে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ভাটিয়া। তিনি লেখেন, “আমি আমার সমস্ত সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যাঁরা কোম্পানির দায়ভার হৃদয় ও মর্যাদার সঙ্গে বহন করেছেন। আপনারা নির্ঘুম রাত কাটিয়েছেন, তবুও দায়িত্ব পালন করেছেন। আপনারাই ইন্ডিগোর জীবন্ত অনুপ্রেরণা।” এই আবেগঘন বার্তার শেষে নিজের নাম লেখার সময় তিনি মজার ছলে যোগ করেন ‘রাহুল ওরফে ম্যায় হুঁ না’, যা বলিউড তারকা শাহরুখ খানের জনপ্রিয় চলচ্চিত্র ম্যায় হুঁ না–র ডায়লগের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় দেশজুড়ে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। একের পর এক উড়ান বাতিল হতে থাকে এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় সংস্থাকে। টানা আটদিন এই সমস্যার পর কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ করে। প্রতিদিনের উড়ান পরিষেবার প্রায় ১০ শতাংশ কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ভাউচার দেওয়ার ঘোষণাও করে সংস্থা।

আরও পড়ুন:বিশ্বে সবচেয়ে বেশি তেল মজুত রেখেছে আমেরিকা! তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত?
প্রসঙ্গত, ভারতের অন্তর্দেশীয় বিমান পরিষেবার প্রায় ৬৫ শতাংশই নিয়ন্ত্রণ করে ইন্ডিগো। প্রতিদিন প্রায় ২৩০০টি উড়ান পরিচালনা করে সংস্থাটি। সেই বিশাল পরিষেবাই যখন আচমকা বিপর্যস্ত হয়ে পড়ে, তখন দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েন। ঘটনার পর থেকেই সমালোচনার মুখে পড়েন সিইও পিটার এলবার্স। অবশেষে কয়েক মাস পর তাঁর পদত্যাগের পর কর্মীদের পাশে দাঁড়িয়ে এবং পরিস্থিতি সামাল দেওয়ার বার্তা দিতে রাহুল ভাটিয়ার ‘ম্যায় হুঁ না’ ইমেল এখন সংস্থার অন্দরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।












