বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই ভ্রমণপ্রিয় বাঙালির জন্য সুখবর। এবার এক বাসে জুড়তে চলেছে সৈকত শহর দিঘা ও উত্তরবঙ্গের শিলিগুড়ি। শুক্রবার থেকে শুরু হতে চলেছে দিঘা থেকে শিলিগুড়ি প্রিমিয়াম বাস পরিষেবা (Digha-Siliguri Bus)। বাসের টাইমটেবিল থেকে শুরু করে ভাড়া কত জেনে নিন।
দিঘা থেকে শিলিগুড়ি বাসের টাইমটেবিল ও ভাড়া | (Digha-Siliguri Bus)
দিঘা থেকে শিলিগুড়ি এই প্রিমিয়াম এসি বাস পরিষেবা চালু করেছে ইউভান ট্রাভেলস। দীর্ঘ যাত্রাপথের কথা মাথায় রেখে যাত্রীদের আরামের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাসটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত সিটার ও স্লিপার ব্যবস্থা, পুশব্যাক সিট, চার্জিং পয়েন্ট, ওয়াই-ফাই, মোবাইল হোল্ডার, সিসিটিভি, রিডিং লাইট, আলাদা এসি ভেন্ট ও বায়ো টয়লেট।
আরও পড়ুনঃ হাইকোর্টের ছাদে দুর্গাপুজোর অনুমতি মিলল না! জনস্বার্থ মামলার আবেদনই খারিজ করে দিল উচ্চ আদালত
এদিন দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ দিঘা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবে এই বাস। দিঘা থেকে রামনগর, কাঁথি, বেলদা, সালুয়া, খড়গপুর, মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, উমরপুর, ফারাক্কা, মালদহ, রায়গঞ্জ, ডালখোলা, কিষাণগঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি পৌঁছবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল সকাল সাড়ে ৭টা নাগাদ বাসটি শিলিগুড়ি পৌঁছনোর কথা।
দিঘা থেকে শিলিগুড়ি এই এসি প্রিমিয়াম বাসের ভাড়া যাত্রীদের চাহিদা অনুযায়ী ডায়নামিক থাকবে। অনলাইনে ইউভান ট্রাভেলসের পাশাপাশি রেড বাস ও অভি বাসের মাধ্যমে টিকিট বুক করার সুবিধা রয়েছে।

পুজোর লম্বা ছুটিতে অনেকেই নানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন। এবার কেউ যদি দিঘা হয়ে পাহাড় যেতে চান, তাহলে তাঁদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে দিঘা থেকে শিলিগুড়ির এই বাস পরিষেবা। এক বাসে চেপে সমুদ্র ও পাহাড় দুইয়ের আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা।













