জমি নিয়েও শিল্প গড়তে ব্যর্থ! ওই শিল্পপতিদের থেকে ফেরত নেওয়া হবে জমি, ঘোষণা দিলীপের

Published on:

Published on:

Dilip Ghosh says State Government will take back industrial land from some industrialists
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পরেই রাজ্যে এসেছে শিল্পের জোয়ার। বুধবার কলকাতায় এসেছেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বৃহস্পতিবার নিউটাউনে আদানি গ্রুপের ২ হাজার বেডের হাসপাতালের শিলান্যাস হবে। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানান, যেসব শিল্পপতি শিল্পের জন্য জমি (Industrial Land) নিলেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিল্প গড়ে তুলতে পারেননি, তাঁদের জমি ফেরত নেবে সরকার।

শিল্পপতিদের উদ্দেশে বড় বার্তা দিলীপের | (Dilip Ghosh)

এদিন নিউটাউনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, “শিল্পপতিরা সরকারের কাছ থেকে যেসব জমি নিয়েছিলেন, সময়সীমার মধ্যে শিল্প গড়ে তোলার কথা ছিল, তবে করেননি, সেইসব জমি ফেরত নেওয়া হবে।“

আরও পড়ুনঃ অনলাইন-অফলাইনে আবেদন করেও পাননি টাকা! অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল বিক্ষোভ মহিলাদের

পাশাপাশি আগামীদিনে শিল্পের জন্য যারা জমি নেবেন, তাঁদের জন্য রীতিমতো ডেডলাইন বেঁধে দেন দিলীপ। তিনি জানান, শিল্পের জন্য জমি নেওয়ার তিন বছরের মধ্যে কারখানা গড়ে তুলতে হবে।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, “বর্তমানে দেশের বড় বড় শিল্পপতিরা বাংলায় বিনিয়োগ করতে চান। সরকার জমি সহ অন্যান্য সুবিধা দেবে। ওনাদের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা হচ্ছে, ওনারা আসছেন। শীঘ্রই বহু শিল্পপতি বাংলায় এসে শিল্প শুরু করবেন।“

এদিন রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে বলার সময় পূর্বতন তৃণমূল সরকারকেও নিশানা করেন দিলীপ। তিনি বলেন, “এর আগেও গৌতম আদানি রাজ্যে এসেছেন, বেঙ্গল সামিটেও উপস্থিত থাকতেন। তবে তিনি কখনও বিনিয়োগ করেননি। কারণ আগের সরকারের উপর ভরসা ছিল না।“

Dilip Ghosh

কেন ভরসা ছিল না, সেটার ব্যাখ্যা দিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “একদিকে আদানির বিরুদ্ধে পার্লামেন্টে আন্দোলন করতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ‘গৌতমজি’, ‘গৌতমজি’ বলে ডেকে আনতেন। এই ডুপ্লিসিটির জন্যই কেউ বিশ্বাস করতেন না।“

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিল্পের অবস্থা বদলাতে শুরু করেছে। শীঘ্রই আরও অনেক শিল্পপতি রাজ্যে এসে শিল্প শুরু করবেন বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি যেসব শিল্পপতি জমি নিয়েও শিল্প গড়তে ব্যর্থ হয়েছেন, তাঁদের জমি ফেরত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।