বাংলাহান্ট ডেস্ক: নিজের স্বপ্নপূরণের (Success Story) কোনও বয়স হয় না এই কথা আবারও প্রমাণ করে দিলেন ষাটোর্ধ্ব দীনেশ মহন্ত ঠাকুরদাস। তাঁর কথা বলার আগে এরকম আরও একজনের কথা না বললেই নয়। পাঁচ বছর বয়স পর্যন্ত ঠিক করে হাঁটতেও পারতেন না। বন্ধুরা ব্যঙ্গ করে ‘ডান্ডা’ বলে ডাকত তাঁকে। সেই শিশুই একসময় হয়ে উঠলেন বিশ্বের অন্যতম অনুপ্রেরণার নামফৌজা সিং। জীবনের শেষ প্রান্তে এসে, ৮৯ বছর বয়সে শুরু করেন দৌড়। ২০০০ সালে লন্ডনে প্রথম ম্যারাথন শেষ করেন ৬ ঘণ্টা ৫৪ মিনিটে। এরপর নিউ ইয়র্ক, মুম্বই, হংকং, গ্লাসগোর মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়ে অর্জন করেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন ফিনিশারের খেতাব। তাঁর জীবনসংগ্রাম আজও বহু মানুষের কাছে প্রেরণার উৎস। আর সেরকমই আহমেদাবাদের ৬৬ বছর বয়সী দীনেশ যা করে দেখিয়েছেন তা একই উদাহরণ তৈরি করেছে।
দীনেশের অসাধারণ অনুপ্রেরণামূলক কাহিনি (Success Story):
তবে এই অনুপ্রেরণার গল্প এখানেই শেষ নয়। ভারতের আহমেদাবাদের বাসিন্দা দীনেশ মহন্ত ঠাকুদাস নিজের জীবনের দ্বিতীয় ইনিংসে এক নতুন পথ বেছে নিয়ে সকলকে চমকে দিয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৬৬। দীর্ঘ ২৬ বছর একটি বিমা সংস্থায় ক্লার্ক হিসেবে কাজ করার পর অবসর নেন তিনি। সাধারণত এই বয়সে মানুষ বিশ্রামেই জীবন কাটাতে চান, কিন্তু দীনেশ তার সম্পূর্ণ উল্টো পথে হাঁটার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: নিরাপদ ভোটে জোর! বাংলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করলেন রাজ্যপাল
নিজের দীর্ঘদিনের দেশ-বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করতেই তিনি একটি কুইক কমার্স সংস্থায় ডেলিভারি কর্মী হিসেবে কাজ শুরু করেন। একদিন নিজের পাড়ায় এক ডেলিভারি বয়ের কাজ দেখে কৌতূহল থেকেই এই সিদ্ধান্ত নেন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত দু’বছরে তিনি ১০,২২০টিরও বেশি ডেলিভারি সম্পন্ন করেছেন। প্রতিদিন ভোর ৫টায় তাঁর দিন শুরু হয়, আর সকাল ৬টার মধ্যেই পৌঁছে যান স্থানীয় ডার্ক স্টোরে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত কাজ করে শরীরের অবস্থা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেন।
এই বয়সে তাঁর এই কঠোর পরিশ্রমের পেছনে কোনও আর্থিক চাপ নেই। বরং নিজের উপার্জিত প্রতিটি টাকা তিনি জমিয়ে রাখেন শুধুমাত্র ভ্রমণের জন্য। নতুন শহর, নতুন দেশ দেখার যে স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে লালন করেছেন, আজ তা নিজের চেষ্টায় পূরণ করার পথে এগোচ্ছেন। দীনেশের কথায়, “অভিজ্ঞতাই জীবনের সবচেয়ে বড় শিক্ষক।” তাঁর এই অদম্য মানসিক শক্তি ও ইচ্ছাশক্তি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন: গাড়ি নিয়ে বেরোবেন? সাবধান!ভোটের দিন কলকাতায় কোন কোন রাস্তা বন্ধ, কোথায় ওয়ান ওয়ে—রইল আপডেট
ফৌজা সিংয়ের মতোই তাঁর অনুপ্রেরণায় এগিয়ে এসেছেন আরও এক প্রবীণ, বলদেব সিং বেইনস। ৮০ বছর বয়সে তিনি জীবনের প্রথম লন্ডন ম্যারাথনে অংশ নিতে চলেছেন। ফৌজা সিংয়ের স্মৃতিতে রেডব্রিজে তৈরি হতে চলা ‘ফৌজা সিং ক্লাবহাউস’-এর জন্য অর্থ সংগ্রহ করতেই এই দৌড়ে নামছেন তিনি। তাঁর প্রশিক্ষক ৬৬ বছরের হরমিন্দর সিংও এই উদ্যোগে শামিল হয়েছেন। দীনেশ এবং ফৌজা সিংয়ের মতো এই সব গল্প প্রমাণ করে দেয়, ইচ্ছাশক্তি আর দৃঢ়তা থাকলে বয়স কখনওই স্বপ্নপূরণ বা সাফল্যের (Success Story) পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।












