SIR বিতর্কে বড় সিদ্ধান্ত! ভোটার তালিকা সংশোধনের সময় বাড়াল নির্বাচন কমিশন

Published on:

Published on:

Draft Voter List Correction Deadline Extended on SIR
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision)। এনুমারেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এই তালিকায় কোনও ভুল থাকলে বা আপত্তি জানাতে চাইলে, তার জন্য আবেদনের শেষ দিন ছিল ১৫ জানুয়ারি ২০২৬। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সেই সময়সীমা আরও ৪ দিন বাড়ানো হয়েছে। ফলে এখন ১৯ জানুয়ারি, সোমবার পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পুদুচেরি, এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকেও একইভাবে বাড়তি সময় দেওয়া হয়েছে।

কবে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা (SIR)?

SIR শুরু হওয়ার সময়ই খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা করেছিল কমিশন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায়, শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর প্রকাশিত হয় ড্রাফ্ট ভোটার লিস্ট। সেই তালিকা প্রকাশের পরই জানানো হয়, প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। তবে কমিশন স্পষ্ট করে বলে যে, খসড়া তালিকায় নাম থাকা বা বাদ যাওয়া মানেই তা চূড়ান্ত নয়। সেখানে ভুল থাকতে পারে। সেই কারণেই আপত্তি ও অভিযোগ জানানোর জন্য সাধারণত এক মাস সময় দেওয়া হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল ১৫ জানুয়ারি। কিছু নির্দিষ্ট কারণে সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হল।

কবে বেরোবে চূড়ান্ত ভোটার লিস্ট?

নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। নির্দিষ্ট করে বললে, ১৪ ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশের কথা রয়েছে। ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় যেন কোনও ভুল না থাকে, সেই লক্ষ্যেই অভিযোগ জমার সময়সীমা বাড়ানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে কী সিদ্ধান্ত?

বর্তমানে SIR-এর হিয়ারিং পর্ব চলছে। সেখানে ভোটারদের নির্দিষ্ট নথি দেখাতে হচ্ছে। এই হিয়ারিংয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বক্তব্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ের নথি হিসেবে গ্রাহ্য হবে না।

SIR Hearing Gets Decentralised Centres Approval

আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে ‘সমঝোতা’, নবান্নের বদলে মন্দিরতলায় ধর্নার অনুমতি হাই কোর্টের

এই সিদ্ধান্তের পর থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ SIR নিয়ে এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে সমস্যায় ফেলবে। তৃণমূলের দাবি, বিজেপির নির্দেশেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিচ্ছে।