বাংলা হান্ট ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা যখন কড়া, ঠিক তখনই সামনে এল এক বড়সড় চাঞ্চল্যকর ঘটনা। রাজস্থানের একটি পরিত্যক্ত গুদাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার (Explosive Recovered) হতেই নড়েচড়ে বসেছে পুলিশ ও গোয়েন্দারা। কোথা থেকে এল এত বিস্ফোরক, কী উদ্দেশ্যেই বা মজুত করা হয়েছিল, এই নিয়ে এখন জোর কদমে তল্লাশি চলছে।
বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার (Explosive Recovered)
পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি, শনিবার রাতে নাগৌর জেলার হারসৌর গ্রামের একটি বন্ধ গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার ৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার (Explosive Recovered) করা হয়। এই বিপুল পরিমাণ বিস্ফোরক ১৮৭টি বস্তায় ভরা ছিল। গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ সেখানে হানা দেয়। অভিযানে এক ব্যক্তি, সুলেমান খানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে আগেও তিনটি অপরাধমূলক মামলা রয়েছে।
শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নয়, ওই গুদাম থেকে আরও নয় কার্টুন ডিটোনেটর, ১২ কার্টুন নীল তার এবং ৫ বান্ডিল লাল তার উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই সব সামগ্রী বিস্ফোরক তৈরির কাজেই ব্যবহার করা হত।
প্রজাতন্ত্র দিবসের আগে এই উদ্ধার ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। এত বড় পরিমাণ বিস্ফোরক কোথা থেকে এল? কী উদ্দেশ্যেই বা মজুত করা হয়েছিল? বড়সড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে। সম্প্রতি গত নভেম্বর মাসে লালকেল্লার কাছে একটি গাড়িতে যে বিস্ফোরণ হয়েছিল, সেখানেও এই একই বিস্ফোরকের ব্যবহার ধরা পড়ে (Explosive Recovered)। তবে ধৃত সুলেমান খান জেরায় দাবি করেছে, এই বিস্ফোরক রাজস্থানে বেআইনি খননের সঙ্গে যুক্ত কিছু লোককে সরবরাহ করার পরিকল্পনা ছিল। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও এই দাবি যাচাই করা হচ্ছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
















