বাংলা হান্ট ডেস্কঃ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রো রেলওয়ে জানিয়েছে, জাতীয় ছুটির দিনে যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ সময়সূচি কার্যকর থাকবে।
কেমন থাকবে মেট্রো পরিষেবা (Kolkata Metro)?
মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গেছে, প্রজাতন্ত্র দিবসে ব্লু লাইনে মোট ১৮২টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৯১টি আপ এবং ৯১টি ডাউন ট্রেন থাকবে, যা স্বাভাবিক দিনের ২৭২টি পরিষেবার তুলনায় কম। তবে যাত্রীদের কথা ভেবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটে অতিরিক্ত ৪টি আপ পরিষেবা রাখা হয়েছে।
ব্লু লাইনে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৬টা ৫০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে চলবে। পাশাপাশি, সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটেও প্রথম মেট্রো পরিষেবা চালু থাকবে। এই ক্ষেত্রে সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
তবে শেষ মেট্রো (Kolkata Metro) পরিষেবার সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো চলবে রাত ৯টা ২৮ মিনিটে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর শেষ পরিষেবা ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে, যা স্বাভাবিক দিনের তুলনায় দু’মিনিট আগে। এছাড়াও শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রুটে শেষ মেট্রো চলবে রাত ৯টা ৪৫ মিনিটে।
কেমন থাকবে ইয়েলো লাইনের পরিষেবা?
অন্যদিকে, প্রজাতন্ত্র দিবসে ইয়েলো লাইনে মোট ৯২টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৪৬টি আপ এবং ৪৬টি ডাউন ট্রেন থাকবে, যেখানে স্বাভাবিক দিনে এই লাইনে ১২০টি পরিষেবা চালানো হয়। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে প্রথম মেট্রো চলবে সকাল ৭টা ১৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া প্রথম পরিষেবা ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে। প্রথম পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।

আরও পড়ুনঃ বেহালায় বিজেপির সভা শেষে আগুন! ‘সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস’ বলে তৃণমূলকে আক্রমণ অমিত মালব্যর
তবে ইয়েলো লাইনের শেষ পরিষেবার সময় এগিয়ে আনা হয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর শেষ মেট্রো চলবে রাত ৮টা ৫৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া শেষ পরিষেবা ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী মেট্রো পরিষেবা চালু থাকবে। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য আগেভাগেই এই বিশেষ সময়সূচির কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)।












