বাংলাহান্ট ডেস্ক: পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীকে (Nirav Modi) ভারতে ফেরানোর পথ আরও মসৃণ হল। ব্রিটেনের আদালত তাঁর প্রত্যর্পণ আটকাতে করা আবেদন খারিজ করে দেওয়ায় এবার দেশে ফেরানোর রাস্তা কার্যত পরিষ্কার হয়ে গেল। বুধবার হাই কোর্টে এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হয়, যা নীরব মোদীর আইনি লড়াইয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আরও মসৃণ হল নীরব মোদীর (Nirav Modi) প্রত্যর্পণের পথ:
এই রায়ের ফলে বিশেষজ্ঞদের মতে, যুক্তরাজ্যে তাঁর শেষ আইনি সুযোগও প্রায় শেষ হয়ে গেল। গত কয়েক বছর ধরে তিনি বিভিন্ন আইনি পথ ব্যবহার করে ভারতে প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করায় এখন তাঁর ভারতে প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ২০,০০০ কিমি দূর থেকে আসছে ৫০,০০০ টন LPG! গ্যাস সঙ্কটের আবহে ভারতের পাশে এই দেশ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ৬,৪৯৮ কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত নীরব মোদীর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। ২০১৮ সালে এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর ২০১৯ সালের ১৯ মার্চ স্কটল্যান্ড তাঁকে গ্রেপ্তার করে এবং তখন থেকেই তিনি ব্রিটিশ হেফাজতে রয়েছেন।
ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই তাঁর প্রত্যর্পণের চেষ্টা চলছিল। ইতিমধ্যেই ব্রিটেনের আদালত তাঁকে ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশ বাতিলের জন্য নতুন করে আবেদন জানান নীরব মোদী। তিনি দাবি করেন, ভারতে ফিরিয়ে আনা হলে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের সম্ভাবনা রয়েছে। একই যুক্তিতে এর আগে আরেক অভিযুক্ত সঞ্জয় ভাণ্ডারীর প্রত্যর্পণ স্থগিত হয়েছিল।

আরও পড়ুন: একটি ম্যাচেই সর্বনাশ! বৈভব সূর্যবংশীর কারণে IPL কেরিয়ার খতম এই খেলোয়াড়ের, চমকে দেবে নাম
তবে বিচারপতি জেরেমি স্টুয়ার্ট স্মিথ এবং রবার্ট জের বেঞ্চ জানিয়ে দেয়, ভারত সরকার যে আশ্বাস দিয়েছে তা যথেষ্ট স্পষ্ট এবং নির্ভরযোগ্য। ভারত জানিয়েছে, নীরব মোদিকে দেশে ফিরিয়ে এনে রাখা হবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাঁর বিচার চলবে। ফলে সবদিক বিবেচনায় আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়, যা প্রত্যর্পণের পথে বড় বাধা দূর করল।












