বাংলা হান্ট ডেস্ক:সদ্য শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) যুব সাথী (Yubasathi) প্রকল্প। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে, ওয়েবসাইটের ঠিকানা থেকে ডকুমেন্ট আপলোড, সব ক্ষেত্রেই কিছু বদল এনেছে সরকার। যারা নতুন করে নাম নথিভুক্ত করতে চাইছেন, তারা সরকারের নতুন গাইডলাইন দেখে নিন ভালো করে।
কীভাবে নাম তুলবেন যুব সাথীর (Yubasathi) নতুন ওয়েবসাইটে জেনে নিন
যুব সাথী প্রকল্পের জন্য এখন থেকে আবেদনকারীকে http://yubasathi.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই প্রকল্পের পুরনো পোর্টাল এখন আর আবেদনের জন্য ব্যবহার হবে না। যে ডকুমেন্ট গুলি আপলোড করা হচ্ছে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড হতে হবে অবশ্যই। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আবেদনকারীরা তাদের অরিজিনাল ডকুমেন্টগুলোকে স্ক্যান করে, ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছেন, যেটা একদম ভুল পদ্ধতি।
এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সেক্ষেত্রে জন্মতারিখ দেওয়ার সাথে সাথেই সিস্টেম থেকে সেটি চেক হবে। যদি এক্ষেত্রে কোথাও গরমিল ধরা পড়ে, তাহলে আর ফর্ম ফিলাপ করা যাবে না। সেই সঙ্গে জানানো হয়েছে রাজ্য সরকার থেকে আর কোনও আর্থিক সুবিধা যদি আবেদনকারী পেয়ে থাকে, তাহলে সে এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে না।
আরও পড়ুন:কর্মসংস্থান দরকার, রাজ্য সরকারের নতুন প্রকল্প নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
অর্থাৎ লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, এই ধরনের প্রকল্প থেকে যদি আর্থিক সাহায্য পান, তাহলে যুবসাথী প্রকল্পে কিছুতেই আবেদন গ্রাহ্য হবেনা। জেনে নেব কী কী প্রয়োজনীয় নথি লাগছে এই প্রকল্পে আবেদনের জন্য। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, সেইসঙ্গে আধার ও ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক। আর এই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নিজস্ব হতে হবে অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকে। কারও যদি কাস্ট সার্টিফিকেট থাকে, সেটা জমা দিতে হবে। আর লাগবে নিজের সই করা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আরও পড়ুন:ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দীপ্সিতা ধর? জল্পনার মাঝে মুখ খুললেন বামনেত্রী, বললেন…

আবেদন করার ক্ষেত্রে প্রথমে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে। ভেরিফিকেশনের জন্য ফোনে আসবে ওটিপি, তারপর ধাপে ধাপে তথ্য পূরণ করতে হবে। যেমন আধার নম্বর, মাধ্যমিকের নথি অনুযায়ী নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা, এগুলি দিতে হবে। পেশা নির্বাচনের একটি অপশন পাবেন, যেখানে আনএমপ্লয়েড নির্বাচন করতে হবে, কারণ এটি বেকার ভাতার জন্যই প্রকল্প। সবশেষে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলি আপলোড করতে হবে এবং রেডি টু সাবমিট অপশনে গিয়ে এগুলি সাবমিট করতে হবে। এরপরে পাওয়া যাবে একটি অ্যাপ্লিকেশন আইডি, যা ভবিষ্যতে আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য লাগবে।













