বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে টেস্ট ক্রিকেটকে নিয়ে দেখা গিয়েছিল বাড়তি চিন্তা। ভারতের মাঠে আইপিএল বা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ দেখতে যে ভিড় হয় তার ছিটেফোঁটাও দেখা যায় না ভারতীয় দলের (Indian Cricket Team) টেস্ট ম্যাচের ক্ষেত্রে। অনেকেই দাবি করছিলেন যে টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে বৈভব সূর্যবংশীদের (Vaibhav Sooryavanshi) মতো ক্রিকেটারদের এই ফরম্যাটে সুযোগ দিতে হবে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা দুর্দান্তভাবে করেছেন বৈভব। ইংল্যান্ড সফরে ব্যাট হাতে ব্যর্থ হলেও জিম্বাবোয়ে সফরে তিনি হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং করে তিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কোন আন্তর্জাতিক সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু তিনি কি টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত?

এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাহুল দ্রাবিড়। তার মতে বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তার ক্ষেত্রে সঠিক প্রস্তুতির সুযোগ দিয়ে তবেই তাকে টেস্ট ফরম্যাটের আঙিনায় আনা উচিত। ১৫ বছর বয়সী তারকাকে রাজস্থান রয়্যালস শিবিরে খুব কাছ থেকে দেখেছেন দ্রাবিড়। সেই অভিজ্ঞতা থেকেই এই মন্তব্য করেছেন তিনি।
রাহুল দ্রাবিড় একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, “আমার মনে হয়, সবসময়ই সেই ভারসাম্যটা খুঁজে বের করা জরুরি। আইপিএলের মাধ্যমে বৈভব যে সাদা বলের ক্রিকেটে অভিজ্ঞতা অর্জন করছে, তা নিঃসন্দেহে দারুণ ব্যাপার; তবে একইসাথে সে ভারতের ঘরোয়া কাঠামোয় লাল বলের ক্রিকেট খেলার এবং এই ফরম্যাটে নিজের কেরিয়ারকে এগিয়ে নেওয়ার সুযোগও পাচ্ছে। আমরা সবাই চাই টেস্ট ক্রিকেট টিকে থাকুক ও সমৃদ্ধ হোক, আর আশা করি তার মতো খেলোয়াড়রা সব ফরম্যাটেই খেলবে। তার কিছুটা অভিজ্ঞতার প্রয়োজন হবে। সে প্রচুর লাল বলের ক্রিকেট খেলার সুযোগও পাবে।”
আরও পড়ুন: রোহিত, কোহলি-কে টপকে গেলেন শুভমান গিল! ভারতের সাদা জার্সিতে গড়লেন দুর্দান্ত রেকর্ড
আসন্ন দলীপ ট্রফিতে লাল বলে ম্যাচ খেলার পর্যাপ্ত সুযোগ পেতে পারেন বৈভব। অন্তত দুটি, আর পূর্বাঞ্চল ফাইনালে পৌঁছলে তিনি খেলতে পারবেন তিনটি ম্যাচ। এই অভিজ্ঞতা তাকে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।













