বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বিভিন্ন সময় নানা ধরণের অভিযোগ উঠতে দেখা গিয়েছে। প্রকল্পের থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর তথা টিপিএ সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে বহু নার্সিংহোমের বিরুদ্ধে ভুয়ো বিল তৈরির মতো গুরুতর অভিযোগও উঠেছে। পালাবদলের পর সেদিকে নজর রেখে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে।
স্বাস্থ্যক্ষেত্রে কড়াকড়ি রাজ্যের | (Government of West Bengal)
অতীতের স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে শিক্ষা নিয়ে আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় টিপিএ বা ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সির ভূমিকায় কারা থাকবে সেটা ঠিক করতে উচ্চপর্যায়ের টেন্ডার ডাকা হয়। সেখানে আটটি সংস্থা যোগ দিয়েছিল। সেখান থেকে সরাসরি মেডি অ্যাসিস্ট হেলথ ইনসিওরেন্স ও ভোলো হেলথ ইনসিওরেন্ট টিপিএ প্রাইভেট লিমিটেডকে বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের আরও ৬.৩৭ শতাংশ DA বৃদ্ধি! বকেয়া মেটানো নিয়েও বড় ঘোষণা
স্বাস্থ্য ভবনের তরফে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, উক্ত দু’টি সংস্থার বিরুদ্ধে গুরুতর বেনিয়মের অভিযোগ আছে। সরকারি প্রকল্পের নিয়মকানুন মেনে তাঁরা কাজ করেনি। সেই কারণে তাঁদের টেন্ডারের প্রক্রিয়া থেকে বাতিল করা হল।
রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, টিপিএ কর্মীদের অনৈতিক দাবি ও কমিশন আদায় নিয়ে বহু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির অনেকদিনের ক্ষোভ ছিল। আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা থেকে উক্ত সংস্থাগুলিকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত স্বাস্থ্য পরিষেবায় অসাধু কার্যকলাপ ও দুর্নীতির বিরুদ্ধে একটি স্পষ্ট এবং কঠোর বার্তা দেবে।

স্বাস্থ্যসাথীর সময়েই টিপিএ সংস্থাগুলির ভূমিকা নিয়ে নানা অভিযোগ উঠেছিল। সেই সময় বিজ্ঞপ্তি জারি করে প্রকল্পের পরিষেবায় কিছু কাটছাঁট করা হলেও অভিযুক্ত থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর সংস্থাগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে রাজ্যে সরকার বদলাতেই শুরু হয়েছে কড়াকড়ি। আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি বাছাইয়ের টেন্ডার প্রক্রিয়া থেকেই অভিযুক্ত দুই সংস্থাকে বাদ দেওয়া হয়েছে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম মালিকদের সংগঠন।














