আর মাত্র ৬ দিন পরই এক কিস্তি DA-র ঘোষণা? তার আগে আসরে সরকারি কর্মীরা, মঙ্গলেই…

Published on:

Published on:

dearness allowance(108)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় হারে ডিএ-র (Dearness Allowance) দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করে চলেছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা (State Government Employees)। এদিকে পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া মহার্ঘ ভাতার রায় সুপ্রিম কোর্টে রিজার্ভ রয়েছে। এসব নিয়ে উত্তপ্ত আবহেই আবার ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়েছে। ২ ফেব্রুয়ারী পেশ হবে রাজ্য বাজেট। তাহলে কি ছয়দিন পরেই মহার্ঘ ভাতার ঘোষণা করবে রাজ্য সরকার? সংশ্লিষ্ট মহলের ধারণা তেমনটাই।

ডিএ-র ঘোষণা বাজেটেই? Dearness Allowance

বিগত কয়েক বছরে বাজেটেই ডিএ-র ঘোষণা করেছে রাজ্য সরকার। ২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। এরপর ২০২৪ সালের চার শতাংশ ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। ২০২৫ সালেও সেই ট্রেন্ড বজায় ছিল। বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য।

এই নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনও মন্তব্য করা না হলেও গত কয়েকবারের ট্রেন্ড বজায় রেখে বাজেটে রাজ্য সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।

এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সবমিলিয়ে ফারাক ৪০%। বাজেটে অন্তত এক কিস্তি ডিএ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আবার পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে, এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা চলছে। আর এই আবহেই আসরে নামছেন সরকারি কর্মীরা।

dearness allowance (12)

আরও পড়ুন: শীতের মাঝেই এবার ঝেঁপে বৃষ্টি! ভিজবে রাজ্যের একাধিক জেলা: আজকের আবহাওয়ার খবর

আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মীরা

আজ মঙ্গলবার শহিদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সর্বভারতীয় মূল্যসূচক (এআইসিপিআই) অনুযায়ী মহার্ঘ ভাতা, বকেয়া সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন তারা। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান সংক্রান্ত স্থায়ী আদেশনামা জারি দাবি তুলবে সংগ্রামী যৌথ মঞ্চ। সবমিলিয়ে ভোটের আগে এই আন্দোলন রাজ্যের উপর আরও চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।