বাংলাহান্ট ডেস্ক: একসময় আম আদমি পার্টির মুখ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। দলের টিকিটেই রাজ্যসভায় গিয়েছিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। কিন্তু সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এরই মধ্যে নিজের প্রাক্তন দল আপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে নতুন করে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ভাজ্জি। তাঁর দাবি, পাঞ্জাবে রাজ্যসভার আসন মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছে আপ নেতৃত্ব। শুধু তাই নয়, একাধিক মন্ত্রীপদও অর্থের বিনিময়ে বণ্টন করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
আপের বিরুদ্ধে কোটি কোটি টাকায় রাজ্যসভার টিকিট বিক্রির অভিযোগে হরভজন সিংয়ের (Harbhajan Singh):
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে হরভজনকে। বিরোধী মতের বহু নেটিজেন তাঁর রাজনৈতিক অবস্থান বদল নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি এমনই এক পোস্টে একজন নেটিজেন লেখেন, যে বিজেপিকে কৃষক আন্দোলনের সময় পাঞ্জাবে বহু কৃষকের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল, সেই দলেই কেন যোগ দিলেন ভাজ্জি? একই সঙ্গে প্রশ্ন তোলা হয়, আপ ছেড়ে বিজেপিতে যাওয়ার সময় কেন তিনি নিজের রাজ্যসভার আসন ত্যাগ করেননি। ওই পোস্টে আরও দাবি করা হয়, আপ থেকে বিজেপিতে যাওয়া সাংসদদের নাকি ২০ থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যাত্রীদের কথা মাথায় রেখে এক ডজন ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, জানুন সময়সূচি
এই পোস্টেরই পালটা জবাব দেন হরভজন। সোশাল মিডিয়ায় রিটুইট করে তিনি লেখেন, “আমাকে গদ্দার বলার আগে নিজেদের নেতাদের জিজ্ঞেস করুন, পাঞ্জাবের রাজ্যসভার আসন বিক্রি করতে কত টাকা করে ঘুষ নেওয়া হয়েছে।” এখানেই থেমে থাকেননি তিনি। আরও দাবি করেন, প্রয়োজনে তিনি নিজেই প্রকাশ করবেন কে কত টাকা নিয়েছেন। তাঁর কথায়, “যদি আপনার নেতারা সত্যিটা না বলেন, আমি বলে দেব কে কত টাকা ঘুষ নিয়েছে। সব প্রশ্নের উত্তর সময়মতো দেওয়া হবে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শুধু সাংসদ পদ নয়, পাঞ্জাব সরকারের একাধিক মন্ত্রীপদও টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। প্রাক্তন ক্রিকেটারের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
যদিও আপের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ এই প্রথম নয়। অতীতেও বিজেপি বারবার এই ইস্যুতে সরব হয়েছে। তবে এবার দলের প্রাক্তন সাংসদের মুখে এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হরভজনের মতো জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটারের মুখে এই অভিযোগ ওঠায় পাঞ্জাবের রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে। কারণ, শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, পাঞ্জাবের সাধারণ মানুষের মধ্যেও তাঁর জনপ্রিয়তা যথেষ্ট। ফলে বিরোধীরা এই মন্তব্যকে হাতিয়ার করে আপ নেতৃত্বকে আরও চাপে ফেলতে চাইছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার জন্য চালু বিশেষ KYC পোর্টাল, জানুন কারা ব্যবহার করতে পারবেন
এই বিতর্কে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেসও। কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া বলেছেন, হরভজন (Harbhajan Singh) যে অভিযোগ তুলেছেন তা অত্যন্ত গুরুতর এবং এই বিষয়ে স্পষ্ট জবাব দেওয়া উচিত আপ নেতৃত্বের। তাঁর বক্তব্য, অরবিন্দ কেজরিওয়াল এবং ভাগবন্ত মানকে প্রকাশ্যে এসে এই অভিযোগের উত্তর দিতে হবে। যদিও আপের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে হরভজনের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে পাঞ্জাবের রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বলাই যায়।













