বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে বড় লক্ষ্য হলো আসন্ন ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup) জয়। আগামী ওডিআই বিশ্বকাপের একটা বৃহত্তর অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেখানে পিচের অতিরিক্ত বাউন্সের জন্য বাড়তি সুবিধা পাবেন পেসাররা। এমন অবস্থায় আগামী ওডিআই বিশ্বকাপের দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের গুরুত্ব অত্যন্ত বেড়ে যায়। আর ভারতের হাতে এই বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য অপশন হলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার হলেন হার্দিক। ব্যাট হাতে ম্যাচ ফিনিশ করার পাশাপাশি বল হাতে ১০ ওভারের ভরসাও নিজের অধিনায়ককে দিতে সক্ষম এই তারকা ক্রিকেটার। কিন্তু সাম্প্রতিক অতীতে তাকে নিয়ে একটি সমস্যা দেখা গিয়েছে ভারতীয় দলে। চোট আঘাতের কারণে দীর্ঘ সময় তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন।

এই সমস্যা তার ক্ষেত্রে নতুন কোনও বিষয় নয়। বারবার নিজের কেরিয়ারে গুরুত্বপূর্ণ সময়ে চোটের কারণে তিনি ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন। তাই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলে তার নির্ভরতা কাটিয়ে উঠতে চাইছেন। গম্ভীর স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে সুস্থ হয়ে ওঠা মাত্রই সরাসরি ভারতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাবেন না তিনি।
আরও পড়ুন: বড় সমস্যা মিটলো ভারতীয় দলের! অভিষেক বা সঞ্জু নয়, এই তারকার পারফরম্যান্স দেখে স্বস্তিতে BCCI
ভারতের মূল দলে সুযোগ পাওয়ার আগে হার্দিক পান্ডিয়াকে ফের একবার নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। খুব শীঘ্রই অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন হার্দিক। সেই ওডিআই সিরিজে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারলে আগামী নিউজিল্যান্ড সফরের ওডিআই দলে সুযোগ পেতে পারেন হার্দিক। তার আগে তাকে প্রমাণ করতে হবে পিঠ ও পায়ের পেশীর চোট সারিয়ে তিনি দীর্ঘ সময় খেলার জন্য সম্পূৰ্ণ প্রস্তুত।
তবে হার্দিক না থাকলেও ভারতীয় দলকে যাতে আগামী বিশ্বকাপে সমস্যায় না পড়তে হয় সেই বিষয়টি মাথায় রেখে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে এখন থেকেই তৈরি রাখছেন তিনি। নিজের কেরিয়ারে ভারতীয় দলের জার্সিতে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে মনে রাখার মতো পারফরম্যান্স করলেও ওডিআইতে এখনও তেমন কিছু করে উঠতে পারেননি তিনি। তবে আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে নিজেকে প্রমাণ করার। আর সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া থাকবেন এই অলরাউন্ডার।













