বাংলা হান্ট ডেস্ক : বাংলার রাজনৈতিক মানচিত্রে সাম্প্রতিক পরিবর্তনের আবহে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দলীয় অন্দরে অসন্তোষ, একাধিক জনপ্রতিনিধির অবস্থান নিয়ে জল্পনা এবং নেতৃত্বকে ঘিরে আইনি বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দলের আর্থিক সামর্থ্য। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চললেও অর্থনৈতিক দিক থেকে দলটি কতটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে, তারই একটি স্পষ্ট চিত্র পাওয়া গিয়েছে নির্বাচন কমিশনে জমা দেওয়া নথি থেকে।
তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আর্থিক খতিয়ান
২০২৪-২৫ অর্থবর্ষের জন্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তৃণমূল কংগ্রেসের নিরীক্ষিত আর্থিক রিপোর্ট অনুযায়ী, দেশের বিভিন্ন ব্যাঙ্কে থাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টগুলিতে মোট জমার পরিমাণ ৬২৫ কোটি ৭৯ লক্ষ ৮৭ হাজার ২৬৪ টাকা। অর্থাৎ, শুধুমাত্র সেভিংস ও অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়েই কয়েকশো কোটি টাকার তহবিল রয়েছে দলের হাতে।
এর পাশাপাশি দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য বিভিন্ন ব্যাঙ্কে রাখা ফিক্সড ডিপোজিটের পরিমাণও কম নয়। নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থায়ী আমানত হিসেবে দলের নামে জমা রয়েছে ২৫০ কোটি ৭৭ লক্ষ ২৮ হাজার ৩২২ টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থ এবং ফিক্সড ডিপোজিট একত্র করলে তৃণমূল কংগ্রেসের মোট ব্যাঙ্কভিত্তিক সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৭৬ কোটি ৫৭ লক্ষ ১৫ হাজার ৫৮৬ টাকা।
শুধু তাই নয়, দলের প্রাপ্য অর্থের মধ্যে চেকের হিসেবে আরও ৫০ কোটি টাকা হিসাবেও দেখানো হয়েছে। অর্থাৎ ব্যাঙ্কে থাকা সঞ্চয়ের বাইরে এই অঙ্কও দলের সম্পদ তালিকায় যুক্ত রয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় কার্যালয় এবং বিভিন্ন আঞ্চলিক অফিসে মজুত নগদ অর্থের হিসাবও প্রকাশ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, দলের হাতে নগদ হিসেবে রয়েছে ৩১ লক্ষ ২৮ হাজার ২৮ টাকা।

আরও পড়ুন : আমফানের ত্রাণে ২৫০ কোটির গরমিল! অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
রাজনৈতিক ময়দানে নানা টানাপোড়েন, ভাঙনের জল্পনা কিংবা নেতৃত্বকে ঘিরে বিতর্ক চললেও আর্থিক দিক থেকে তৃণমূল কংগ্রেস এখনও যে অন্যতম শক্তিশালী রাজনৈতিক সংগঠন, তার ইঙ্গিত মিলছে এই অডিট রিপোর্ট থেকেই। বিপুল ব্যাঙ্ক আমানত, স্থায়ী সঞ্চয় এবং অন্যান্য আর্থিক সম্পদ মিলিয়ে দলের কোষাগার যে যথেষ্ট সমৃদ্ধ, তা সরকারি নথিতেই স্পষ্টভাবে উঠে এসেছে।













