বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন শুরু হয়েছে প্রায় দেড় মাস হতে চলল। তবে এখনও অনেকের মনে ফর্ম ফিল আপ সংক্রান্ত নানা প্রশ্ন ও সংশয় রয়েছে। বিশেষত ভোটার কার্ড তৈরি না হলে অথবা না থাকলে এই প্রকল্পে (Government Scheme) আদৌ আবেদন করা যাবে কিনা, অনেকের মনেই এই প্রশ্ন আছে। এবার বিষয়টি বুঝিয়ে দিলেন সহজ তথ্য মিত্র কেন্দ্রের এক আধিকারিক।
অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত জরুরি আপডেট | (Annapurna Yojana)
সহজ তথ্য মিত্র কেন্দ্রের আধিকারিক অমিত মালাকার জানান, অন্নপূর্ণা যোজনার আবেদন করতে গেলে যে যে নথি দরকার হয়, তার মধ্যে অন্যতম ভোটার কার্ড। অনলাইনে আবেদন করতে গেলে ভোটার আইডি নম্বর (এপিক নম্বর) উল্লেখ করতে হয়। ভোটার কার্ড কিংবা এপিক নম্বর না থাকলে অনলাইনে আবেদন করা যায় না।
আরও পড়ুনঃ আবাস যোজনা নিয়ে কমল চিন্তা! তালিকা তৈরির সময়সীমা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর
অমিতের পরামর্শ, যাদের এখনও ভোটার কার্ড তৈরি হয়নি, তাঁরা বিকল্প হিসেবে অফলাইনে যোগাযোগ করতে পারেন। নিকটবর্তী পুরসভা, বিডিও অফিস অথবা জনকল্যাণ শিবির আয়োজিত হলে সেখানে গিয়ে বিষয়টি জানাতে পারেন। ভোটার কার্ড না থাকলে আধার কার্ড সহ অন্যান্য নথির মাধ্যমে কীভাবে এই সরকারি প্রকল্পে আবেদন করা যাবে বা পরবর্তী করণীয় কী সেই বিষয়ে সরকারি আধিকারিকরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেবেন।
এছাড়া সহজ তথ্য মিত্র কেন্দ্রের এই আধিকারিক বলেন, ইতিমধ্যেই যারা ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, তাঁরা ভোটার সার্ভিসেস পোর্টালে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা চেক করতে পারেন। কার্ড যদি তৈরি হয়ে যায় সেখান থেকে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে।
তিনি আরও জানান, নতুন ভোটার হিসেবে আবেদন করলে আবেদনকারীর কাছে আবেদন স্লিপ অথবা রেফারেন্স নম্বর থাকে। সেই কাগজ নিয়ে স্থানীয় বিডিও অথবা এসডিও অফিসে যেতে পারেন। সংশ্লিষ্ট নথির ভিত্তিতে আধিকারিকরা প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

অমিত বলেন, অন্নপূর্ণা যোজনার আবেদন জমা দেওয়ার আগে সব প্রয়োজনীয় নথি তৈরি রাখা উচিত। ভোটার কার্ড নিয়ে কোনও সমস্যা থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট সরকারি দফতরে যোগাযোগ করতে পারেন। এতে আবেদন প্রক্রিয়ায় জটিলতা এড়ানো যাবে।
অন্নপূর্ণা যোজনায় গত ১ জুন থেকে আবেদন শুরু হয়েছে। আগামী আগস্ট মাস অবধি এই প্রক্রিয়া চলবে। বর্তমানে এই সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ ও সরকারের টাকা পাঠানো, দু’টোই সমানতালে চলছে।













