বাংলাহান্ট ডেস্ক : এসআইআর লিস্টে যারা বিচারাধীন তালিকায় ছিল তাদের মধ্যে বেশ কিছু নামের নিস্পত্তি হয়েছে। এবার সেই নামগুলি নিয়ে এবার প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট (Election Commission) বা অতিরিক্ত তালিকা। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত বিচারাধীন মোট ৬০ লক্ষের মধ্যে ২৮ লক্ষ ৬ হাজার নামের নিস্পত্তি হয়েছে। সেই নামগুলিই প্রথম তালিকায় থাকবে বলে খবর।
আজই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (Election Commission)
নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, আগামী ৬ এপ্রিলের মধ্যেই বিচারাধীন ৬০ লক্ষ নামের নিস্পত্তি করার চেষ্টা চলছে। আজ প্রথম তালিকা বেরোনোর পর বাকি নামের তালিকা প্রতি শুক্রবার করে প্রকাশ করা হবে কমিশনের তরফে। কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ সোমবার সন্ধ্যা ছটার পর প্রকাশ করা হবে প্রথম অতিরিক্ত তালিকা। কিন্তু যাদের নাম বিচারাধীন তালিকায় ছিল, তারা অতিরিক্ত তালিকায় নাম উঠল কিনা তা চেক করবেন কী করে?

কীভাবে দেখা যাবে নাম: জানা যাচ্ছে, অনলাইন এবং অফলাইন দুভাবেই নাম চেক করা যাবে তালিকায়। এদিন সন্ধ্যার পরেই কমিশনের (Election Commission) ওয়েবসাইট voters.eci.gov.in-এ দেখা যাবে নাম। যেমনটা জানা যাচ্ছে, তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে এসআইআর সাপ্লিমেন্টারি অপশন আসবে। সেখানে এপিক নম্বর দিয়ে খুঁজতে হবে নাম। এছাড়া ইসিআই নেট অ্যাপেও দেখা যাবে তালিকা।
আরও পড়ুন : সিনেমাহলে এখনও দেখে ওঠা হয়নি? OTT-তে কবে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’?
অফলাইনে কীভাবে দেখবেন: শুধু অনলাইন নয়, অফলাইনেও দেখতে পারবেন প্রথম অতিরিক্ত তালিকা। কমিশনের তরফে তালিকা প্রকাশের পরেই বুথ, বিডিও, এসডিও অফিস, জেলাশাসকের দপ্তরে ঝোলানো হবে তালিকা। কমিশন সূত্রে খবর, সোমবারই তালিকা প্রকাশের পর তা জেলাশাসকের দপ্তর এবং বিএলওদের কাছে পৌঁছে যাবে।
আরও পড়ুন : লেভেল ক্রসিং বর্জন থেকে ট্র্যাক নবীকরণ, যাত্রী নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ পূর্ব রেলের
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রথম অতিরিক্ত তালিকায় অ্যাডিশন এবং ডিলিশন এই দুটি কলাম থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাদের নাম বাদ পড়বে তারা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন বলে জানিয়েছে কমিশন।












