বাংলা হান্ট ডেস্কঃ বেলডাঙার ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। জেড প্লাস নিরাপত্তার দাবি জানিয়ে তিনি আদালতে আবেদন করেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকার তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে।
হুমায়ুন কবীরের (Humayun Kabir) আবেদনে কী বলল হাই কোর্ট?
সোমবার এই মামলার শুনানি হয় বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। শুনানিতে বিচারপতি জানান, নিরাপত্তা দেওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের অধিকারভুক্ত। কার কতটা ‘থ্রেট’ রয়েছে, তা নির্ধারণ করবেন যাঁরা নিরাপত্তা দেবেন তাঁরাই। সেই মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই বিধায়ককে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানাতে বলা হয়। এরপর হুমায়ুন কবীরের (Humayun Kabir) আইনজীবী আদালতে আবেদন করেন, যতদিন না তাঁর আবেদন গৃহীত হচ্ছে, ততদিন যেন অস্থায়ীভাবে নিরাপত্তা দেওয়া হয়। তবে সেই আর্জিতেও সাড়া দেয়নি আদালত।
উল্লেখ্য, সম্প্রতি ভিনরাজ্যে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকা। গত শনিবার সেই বিক্ষোভস্থলে যান হুমায়ুন কবীর (Humayun Kabir)। সেখানে গিয়ে তাঁকেই বিক্ষোভের মুখে পড়তে হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কোনও রকমে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।
এর আগেও ব্রিগেড পরিদর্শনে গিয়ে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তৃণমূলের সাসপেন্ড বিধায়ককে (Humayun Kabir)। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এই সমস্ত ঘটনার কথাই তুলে ধরে আদালতে নিরাপত্তার আবেদন করেছিলেন হুমায়ুন কবীর। আদালতে তিনি আবেদন জানান, আপাতত কিছু দিনের জন্য হলেও তাঁকে নিরাপত্তা দেওয়া হোক। তবে বিচারপতি স্পষ্ট করে দেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে।

এদিকে, নতুন দল গঠনের পর ব্রিগেডে একটি সভা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন হুমায়ুন কবীর(Humayun Kabir)। সেই সভার জন্য অনুমতি চাইতে গিয়েও তিনি তা পাননি বলে দাবি করেন। শেষ পর্যন্ত তিনি মুর্শিদাবাদেই সভা করবেন বলে জানিয়েছেন বিধায়ক।












