বাংলা হান্ট ডেস্ক : আরজি কর হাসপাতালের (RG Kar Case) সেই ভয়াবহ খুন-ধর্ষণের ঘটনা শুধু একটি পরিবারের নয়, নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকেই। সময় পেরিয়েছে প্রায় দুই বছর, কিন্তু ন্যায়বিচার এখনও অধরাই—এই অভিযোগেই ক্ষোভ জমেছে নির্যাতিতার পরিবারে। সেই ক্ষোভ ও লড়াইকে এবার অন্য পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মা রত্না দেবনাথ (Ratna Debnath), যিনি সরাসরি নির্বাচনী রাজনীতিতে পা রেখেছেন।
ভোট দিয়ে কী বললেন রত্না দেবনাথ (Ratna Debnath) ?
চলতি বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। প্রচারের সময় সাধারণ মানুষের কাছে পৌঁছে একটাই বার্তা দিচ্ছেন-এই লড়াই শুধু তাঁর মেয়ের জন্য নয়, সব মেয়েদের নিরাপত্তা ও ন্যায়ের দাবিতে।
আজ বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন নিজের ভোট দেওয়ার পর তিনি বলেন, “আগেরবার তিনজন এসেছিলাম। আর কিছু বলার নেই। ৪ তারিখ মানুষ জবাব দেবে।” তিনি আরও বলেন,”লড়াই আমি লড়ছি আমার মেয়ের ন্যায় বিচার এবং সারা পশ্চিমবঙ্গ তথা বিশ্ববাসীর মেয়েদের হয়ে লড়াই চলবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা! আমার মেয়ের সঙ্গে কেন হল, কীভাবে হল, আমি জানতে চাই এর শিকড় কত গভীরে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। তদন্তে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরবর্তীতে সিবিআই তদন্ত শুরু হলেও বিচার প্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষও।
এই পরিস্থিতির মধ্যেই প্রায় দু’বছর পর নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় উঠে আসে নির্যাতিতার মা রত্না দেবনাথের নাম। সাধারণ জীবনযাপন করা এই পরিবারের কাছে রাজনীতিতে আসার কোনও ভাবনাই ছিলনা।এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কোনওদিনই ভাবিনি রাজনীতি করতে হবে। আমাদের তিনজনের সাধারণ পরিবার। মেয়েটা অনেক পরিশ্রম করত। আমরাও পরিশ্রম করতাম। ওকে ভাল মানুষ তৈরি করেছিলাম, ভাল ডাক্তার হয়েছিল সে। এটাই আমাদের গর্ব ছিল। কিন্তু তাকে তার কর্মস্থলেই নির্মমভাবে খুন করা হল। প্রায় দু’বছর হয়ে গেল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার সে।”

আরও পড়ুন : ‘ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না’
মানুষের সমর্থনকেই নিজের শক্তি হিসেবে দেখছেন তিনি। তাঁর কথায়, “আপনারা এগিয়ে আসুন, আমি নই, আপনারাই জিতবেন। আপনাদের কথাই আমি তুলে ধরব বিধানসভায়।” এক মায়ের ব্যক্তিগত শোক কীভাবে জন আন্দোলনের রূপ নিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছেন রত্না দেবনাথ। ভোটের ময়দানে তাঁর লড়াই এখন শুধু একটি ঘটনার বিচার চাওয়া নয়, বরং গোটা ব্যবস্থার জবাবদিহি দাবি করার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।












