আইসিসি ভোট ঘিরে রণক্ষেত্র যাদবপুর, ছাত্র সংঘর্ষে রক্তাক্ত দুই অধ্যাপক

Published on:

Published on:

ICC Election Clash at Jadavpur University
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বর। শুক্রবার বিকেলে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের মাঝে পড়ে জখম হন দুই অধ্যাপক। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে।

কী ঘটেছিল (Jadavpur University)?

আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা শেষ হওয়ার পর সায়েন্স-আর্টস মোড়ের কাছে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় বিবাদ মেটাতে এগিয়ে যান অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ ও ললিত মাধব। অভিযোগ, গোলমালের মধ্যেই তাঁরা আক্রান্ত হন।

কারা জখম?

দু’জন অধ্যাপককেই তড়িঘড়ি করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ললিত মাধব প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেলেও রাজ্যেশ্বর সিংহের আঘাত গুরুতর বলে জানা গেছে। তাঁর চোখে ঘুষি মারা হয়েছে, চশমার কাচ ভেঙে নাকে চোট লেগেছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়াও দুই পক্ষের অন্তত ছ’জন পড়ুয়াও জখম হয়েছে বলে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সূত্রে খবর।

কী বলছেন আহত অধ্যাপক?

হাসপাতাল থেকে রাজ্যেশ্বর সিংহ জানান, দুই ছাত্রদলের বিবাদ থামাতেই তিনি এগিয়ে গিয়েছিলেন। তাঁর দাবি, বিবদমান ছাত্ররা নয়, বাইরে থেকে আসা এক ছাত্র আচমকাই তাঁকে আক্রমণ করে। পরে সংশ্লিষ্ট ছাত্ররাই তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দেয়।

কারা জড়িত? অভিযোগ কী?

বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সূত্রে জানা গিয়েছে, ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (ডব্লিউটিআই) এবং এসএফআইয়ের মধ্যে কয়েক দিন ধরেই আইসিসি নির্বাচন ঘিরে চাপানউতোর চলছিল। এসএফআইয়ের দাবি, প্রথম বর্ষের পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। অভিযোগ, ডব্লিউটিআইয়ের কয়েকজন পড়ুয়া প্রথম বর্ষের ছাত্রদের হুমকি দিতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এসএফআইয়ের পক্ষ থেকে দর্শন বিভাগের ছাত্র উজান এবং সমাজবিদ্যার ছাত্র রূপম সিকদারের বিরুদ্ধে মূল অভিযোগ আনা হয়েছে। যদিও ডব্লিউটিআইয়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, শিক্ষকেরা ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)স্বার্থে এগিয়ে গিয়েছিলেন। সেখানে তাঁদের আক্রান্ত হতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সন্ধে পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ৫ দিনে ৪২ লক্ষ আবেদন! যুবসাথীতে রেকর্ড ভিড়, ফার্স্ট হল কোন জেলা?

যাদবপুরে (Jadavpur University) ছাত্র রাজনীতি ঘিরে উত্তেজনা নতুন নয়। তবে এভাবে অধ্যাপক নিগ্রহের ঘটনাকে নজিরবিহীন বলেই মনে করছেন শিক্ষকদের একাংশ। ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন পার্থপ্রতিম বিশ্বাস জানান, গত এক দশকে এ ধরনের ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই এর প্রভাব ছাত্র-শিক্ষক সম্পর্কের ওপর পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।