বাংলাহান্ট ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতের জেরে দেশের বিমান (Indian Airlines) পরিষেবা কার্যত বিপর্যস্ত। পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তাই একের পর এক উড়ান বাতিল করতে বাধ্য হচ্ছে ভারতের বিমান সংস্থাগুলি। শনিবার ৪১০টি বিমান বাতিল হয়েছিল, রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৪। ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Ministry of Civil Aviation) জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটগুলি অচল হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে দেশজুড়ে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।
ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে বিপর্যস্ত ভারতীয় বিমান পরিষেবা (Indian Airlines)
রবিবার এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে ভারত সরকার জানায়, ইরান-সহ পশ্চিম এশিয়ার আকাশপথ বন্ধ থাকায় একাধিক আন্তর্জাতিক রুটে উড়ান পরিচালনা সম্ভব হচ্ছে না। ইজরায়েল, আমেরিকা ও ইরানের সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে বেসামরিক বিমান চলাচলে। সাধারণত সময় ও জ্বালানি সাশ্রয়ের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলি এই আকাশপথ ব্যবহার করে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রুট পরিবর্তন বা উড়ান বাতিল ছাড়া বিকল্প নেই বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে লাফিয়ে বাড়ল GST কালেকশন! সরকারের কোষাগারে এল কত লক্ষ কোটি টাকা?
ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা Directorate General of Civil Aviation (DGCA) নিরাপত্তা সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করেছে। সেখানে বিমান সংস্থাগুলিকে ইরান, লেবানন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, বাহরাইন, ওমান, ইরাক, জর্ডান, কুয়েত ও কাতার-সহ মোট ১১টি দেশের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ডিজিসিএ সতর্ক করেছে, এই অঞ্চলগুলিতে ব্রুজ, ব্যালেস্টিক মিসাইল ও সামরিক তৎপরতার কারণে বেসামরিক বিমান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে দুবাই, রিয়াধ-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বহু ভারতীয় যাত্রীরা আটকে পড়েছেন। তাদের সহায়তায় এগিয়ে এসেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। ইতিমধ্যেই ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে। দূতাবাসের তরফে যাত্রীদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিমান সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: ৪০ বার ব্যর্থ হয়েও বজায় ছিল জেদ! কঠোর পরিশ্রমে সরকারি আধিকারিক হয়ে নজির গড়লেন মনোজ
এয়ারলাইন সংস্থাগুলিও যাত্রীদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। বর্তমান উড়ান পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট সংস্থার আপডেটেড ওয়েবসাইটে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো এবং আকাশা এয়ার তাদের নিজস্ব ওয়েবসাইটে বাতিল ও পরিবর্তিত উড়ানের বিস্তারিত তথ্য প্রকাশ করছে। দুই দেশের মধ্যে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।












