বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা থেকে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে যাতায়াত দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে এই সময়ে যাত্রীদের চাপ হঠাৎ করে অনেকটাই বাড়ছে। এই বাড়তি ভিড় সামলাতে এবং যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিল রেল (Indian Railway)। অতিরিক্ত ট্রেন চালানো থেকে শুরু করে একাধিক ট্রেনে বাড়ানো হচ্ছে কোচ, সব মিলিয়ে পরিষেবা আরও সহজ করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
একাধিক ব্যবস্থা নিল রেল (Indian Railway)
উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও মসৃণ করতে একাধিক ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল। রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে, এই রুটে যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কারণেই বাড়তি চাপ সামলাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ এপ্রিলের জন্য বিশেষভাবে কিছু অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। ০৫৮৫১ নম্বর রাঙাপাড়া-কলকাতা ট্রেন বিকেল পাঁচটা নাগাদ কলকাতায় পৌঁছবে। একই দিনে ০৫৮৫২ নম্বর কলকাতা-রাঙাপাড়া ট্রেন রাত ১০টা নাগাদ কলকাতা স্টেশন থেকে ছাড়বে।
একইভাবে, ০৫৪৬৫ নম্বর আলিপুরদুয়ার জংশন-কলকাতা ট্রেন বিকেল সাড়ে চারটে নাগাদ পৌঁছবে কলকাতায়। ফিরতি পথে ০৫৪৬৬ নম্বর কলকাতা-আলিপুরদুয়ার জংশন ট্রেন রাত সাড়ে ১০টায় ছাড়বে। এই বিশেষ ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য একদিকে ২১টি এবং অন্যদিকে ১৬টি করে কোচ রাখা হচ্ছে।
এছাড়াও, হঠাৎ যাত্রী ভিড় বেড়ে গেলে তা সামাল দিতে আগে থেকেই ‘স্ক্র্যাচ রেক’ প্রস্তুত রাখা হচ্ছে। বিরাটি, চম্পাপুকুর এবং কলকাতা স্টেশনে এই রেকগুলি রাখা হবে। প্রতিটি রেকে ১৫ থেকে ২২টি কোচ থাকবে, যার মধ্যে এসি টু-টিয়ার এবং এসি থ্রি-টিয়ার ব্যবস্থাও রয়েছে। প্রয়োজন অনুযায়ী এই রেকগুলি দ্রুত পরিষেবায় নামানো যাবে।
শুধু স্পেশাল ট্রেনই নয়, নিয়মিত কিছু এক্সপ্রেস ট্রেনেও বাড়তি কোচ জোড়া হচ্ছে। ১৩১৪১ তিস্তা-তোর্সা এক্সপ্রেস, যা বিকেল ৩টায় আলিপুরদুয়ার থেকে ছাড়ে, তাতেও অতিরিক্ত অসংরক্ষিত কামরা যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ কত টাকার মালিক দিলীপ ঘোষ? হলফনামায় চাঞ্চল্যকর তথ্য
একইভাবে, ১৩১৪৭ উত্তরবঙ্গ এক্সপ্রেস, যা শিয়ালদহ থেকে বামনহাট যায় এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ছাড়ে, সেই ট্রেনেও বাড়তি অসংরক্ষিত কোচ যুক্ত করা হবে। সব মিলিয়ে, যাত্রীদের ভিড় মাথায় রেখে একাধিক দিক থেকে প্রস্তুতি নিয়েছে রেল (Indian Railway), যাতে যাতায়াত কিছুটা হলেও সহজ হয়।












