নির্বাচনের আগে, বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী নেতারা

Published on:

Published on:

Influential Trinamool Congress leaders joined the BJP
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভোটের (Assembly Election) আবহে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। রাজনৈতিক লড়াই যত তীব্র হচ্ছে, ততই বদলাচ্ছে দলীয় সমীকরণ। এই প্রেক্ষাপটে লালমাটির জেলা পুরুলিয়াতেও দেখা গেল বড়সড় রাজনৈতিক রদবদল। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) থেকে বিজেপিতে (Bharatiya Janata Party) গেলেন একাধিক গুরুত্বপূর্ণ মুখ।

তৃণমূল (Trinamool Congress) নেতাদের বিজেপিতে যোগ

পুরুলিয়ার বিজেপি সাংসদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তৃণমূলের বেশ কয়েকজন নেতা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো।

দলবদলকারীদের তালিকায় রয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, রঘুনাথপুর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি অমর মাহাতো, বিদ্যুৎ পর্ষদ ইউনিয়নের প্রাক্তন সহ-সম্পাদক নৃপতি রাজোয়াড় এবং তৃণমূলের সক্রিয় নেতা রাজেশ মাহাতো। এঁদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং জেলার বিভিন্ন স্তরে প্রভাবশালী হিসেবে পরিচিত।

দলত্যাগের পর শাসকদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন হলধর মাহাতো। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস আর এখন রাজনৈতিক দল নেই, এটি একটি কোম্পানিতে পরিণত হয়েছে। যেখানে কাজ করা কর্মীদের কোনো সম্মান বা গুরুত্ব নেই। সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে গেলে এই দলে থেকে তা সম্ভব নয়।” একই অভিযোগ শোনা যায় অমর মাহাতো ও নৃপতি রাজোয়াড়ের বক্তব্যেও। তাঁদের দাবি, সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়েছে এবং পুরনো কর্মীদের উপেক্ষা করা হচ্ছে।

অন্যদিকে, এই যোগদানকে বড় সাফল্য হিসেবেই দেখছে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “তৃণমূলের অন্দরে এখন দমবন্ধ করা পরিবেশ। কোনো ভালো এবং সৎ মানুষ বর্তমানে ওই দলে থাকতে পারছেন না। তাঁরা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের হওয়া বইছে। যাঁরা রাজ্যের উন্নতি চান এবং মানুষের সেবা করতে চান, তাঁরা সবাই একে একে বিজেপির ছত্রছায়ায় চলে আসছেন।”

Influential Trinamool Congress leaders joined the BJP

আরও পড়ুন : ‘থানায় আত্মসমর্পণ করুন’, বাঁকুড়ার সভা থেকে কাকে হুঁশিয়ারি মোদীর?

রাজনৈতিক মহলের মতে, পুরুলিয়ায় মাহাতো সম্প্রদায়ের ভোট অত্যন্ত প্রভাবশালী। ফলে হলধর মাহাতো বা অমর মাহাতোর মতো নেতাদের দলবদল গ্রামীণ ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে। বিজেপি এই দলবদলের পদক্ষেপকে বড় কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরলেও, তৃণমূল তা হালকাভাবে দেখাতে চাইছে। শেষ পর্যন্ত এই ভাঙন কতটা প্রভাব ফেলবে, তা স্পষ্ট হবে নির্বাচনের ফলাফলেই।