বাংলা হান্ট ডেস্ক : ভোটের আর কয়েক দিন বাকি। তার আগেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বাংলায়। শাসক-বিরোধী চাপানউতোরের মাঝে এবার সরাসরি কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে ‘দুষ্কৃতী’দের উদ্দেশে আত্মসমর্পণ করার হুঁশিয়ারি দেন তিনি। ভোট প্রচারের ময়দানে বারবারই ‘সিন্ডিকেটরাজ’ ও ‘মাফিয়ারাজ’-এর অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন মোদী।
তৃণমূলকে নিশানা মোদীর (Narendra Modi)
প্রধানমন্ত্রীর দাবি, বিজেপি ক্ষমতায় এলে শুধু উন্নয়ন নয়, সবার হিসাবও হবে। এদিন সেই অবস্থান আরও জোরালো করে তিনি বলেন, “বাংলার বাঘ কে? বাংলার জনতা হলো বাঘ। এই জনতা ফুঁসছে, আর সহ্য করবে না। নির্মম সরকার হঠাতে তারা বদ্ধপরিকর। এখন বদল চাই। সব সিন্ডিকেট, গুন্ডাদের শেষ বার বলছি, ২৯ এপ্রিলের আগে নিজের নিজের থানায় আত্মসমর্পণ করুন। খুব ভালো হয়, যদি ২৩ তারিখের আগে করেন। কারণ, ৪ মের পরে কেউ বাঁচবে না। বিষ্ণুপুরের মাফিয়া, কয়লা পাচারকারী, সিন্ডিকেট কান খুলে শুনুন, এ সব চলবে না।”
প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় সিন্ডিকেট ও দুষ্কৃতীরা সাধারণ মানুষের অধিকার দখল করে রেখেছে। এই প্রসঙ্গে সুর চড়িয়ে তিনি বলেন, “সিন্ডিকেট, গুন্ডারা কত কিছু দখল করে রেখেছে! বিজেপি ক্ষমতায় আসার পরেই সব মুক্ত করব। সব ক’টা খুঁজে বার করব।”
প্রচারসভা থেকে তৃণমূলকে নিশানা করে তার বক্তব্য, “তৃণমূলের ভয়ের কাল চলে যাচ্ছে। বিজেপির ভরসার শাসন আসছে। সঙ্গীরা, ৪ মে যে ফল হবে, তার ঝলক তৃণমূলের বড় নেতাদের কথাবার্তায় স্পষ্ট। কলকাতার বড় নেতাদের গুন্ডামির ভাষা, কান্নাকানি— সব শূন্য। এই হুমকির নেপথ্যে রয়েছে ভয়। যারা ভয় দেখাত, তারা এখন ভীত।”

আরও পড়ুন : বন্ধ হচ্ছে একের পর এক স্কুল ! রাজস্থানের থেকেও খারাপ অবস্থা বাংলার
ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ চরমে উঠছে। একদিকে শাসক দলের পাল্টা জবাব, অন্যদিকে বিরোধীদের আক্রমণ। এখন নজর ৪ মে-র ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক দিশা।












