বাংলা হান্ট ডেস্ক: ছোট্ট একটি গ্রাম, সীমিত সুযোগ—তবুও তাঁর স্বপ্ন ছিল আকাশছোঁয়া। অসাধারণ সাফল্য (Success Story) দিয়েই সেই স্বপ্নপূরণের গল্পই লিখলেন জয়বর্ধন সিং। আটার মিলে কাজ করা এক সাধারণ যুবক, যাকে নিয়ে গোটা এলাকা একসময় উপহাস করত, আজ তিনি চিকিৎসক হওয়ার পথে। অর্থনৈতিক কষ্ট আর চারপাশের অবজ্ঞাকে সঙ্গী করেই তিনি প্রমাণ করে দিয়েছেন অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে কোনও বাধাই আর বাধা নয়।
জয়বর্ধনের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):
মধ্যপ্রদেশের ছোট্ট একটি গ্রাম মহুগাঁওয়ের বাসিন্দা জয়বর্ধন খুবই সাধারণ একটি পরিবারে বড় হয়েছেন। পরিবারের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, তাই ছোটবেলা থেকেই তাঁকে সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে। পরিবারের বোঝা কমাতে প্রথমে তিনি একটি আটার মিলে কাজ শুরু করেন। দিনের বেশিরভাগ সময় কাজেই কেটে যেত। কিন্তু তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তিনি একজন বড় ডাক্তার হবেন। হাজার কাজ, বাধা-বিপত্তি সত্বেও তার সেই স্বপ্নকে নিজের মনের মধ্যে বাঁচিয়ে রেখেছিলেন তিনি।। যদিও তাঁর এই স্বপ্ন নিয়ে গ্রামের মানুষরা উপহাস করে নানা রকম কটুক্তিও করতেন। অনেকে বলেও ছিলেন, এক বছরে NEET পাশ করা তাঁর পক্ষে অসম্ভব।
আরও পড়ুন:সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়াই হল কাল? ১৯ বছরের কুস্তিগীরের প্রকাশ্যে ফাঁসি ইরানে
তবে এই উপহাসই যেন তাঁর লক্ষ্যপূরণের জেদকে আরও বাড়িয়ে দেয়। সারাদিনের কঠোর পরিশ্রমের পর যখন গোটা গ্রাম ঘুমিয়ে পড়ত, তখনই শুরু হত তাঁর পড়াশোনা। ক্লান্ত শরীর নিয়েও তিনি বই নিয়ে বসতেন, প্রশ্ন সমাধান করতেন এবং ধীরে ধীরে নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলতেন। শুরুতে নানা সমস্যার সম্মুখীন হলেও, নিয়মিত মক টেস্টে অংশ নিয়ে তিনি নিজের দুর্বলতা কাটিয়ে ওঠেন এবং আত্মবিশ্বাস ফিরে পান।
কষ্ট করলেই যে কেষ্ট মেলে সেই প্রবাদটিকে সত্য করে অবশেষে মেলে কাঙ্খিত ফল। জয়বর্ধন NEET পরীক্ষায় সারা ভারতের মধ্যে ১৮৬৩ র্যাঙ্ক অর্জন করেন। তাঁর এই সাফল্য তাঁকে নাগপুরের AIIMS এমবিবিএস পড়ার সুযোগ এনে দেয়। যাঁরা একসময় তাঁকে অবজ্ঞা করতেন, তাঁরাই আজ তাঁর সাফল্যে বিস্মিত এবং গর্বিত।

আরও পড়ুন:মার্চের তৃতীয় সপ্তাহে সোনার দামে বড় চমক! জানুন ১ গ্ৰাম হলুদ ধাতুর লেটেস্ট রেট
জয়বর্ধনের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প (Success Story) নয়, বরং প্রতিটি স্বপ্ন দেখা মানুষের জন্য এক অনুপ্রেরণা। তাঁর বিশ্বাস, ব্যর্থতা কখনই কোন কিছুর শেষ নয়, বরং শেখার একটি ধাপ। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস থাকলে জীবনের যেকোনও বাধা অতিক্রম করা সম্ভব। সমাজের নেতিবাচক কথাকে উপেক্ষা করে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার এই গল্প প্রমাণ করে—অসম্ভব বলে কিছু নেই, যদি মন থেকে চেষ্টা করা যায়।












