কলকাতা হাই কোর্টেও দুর্নীতি! টাকা দিয়ে মামলার তালিকা বদল? তদন্তের নির্দেশ খোদ বিচারপতির

Published on:

Published on:

Judge Orders Probe into Alleged Manipulation of Case Listings in Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা তালিকাভুক্ত করার প্রক্রিয়া নিয়ে আবারও উঠল গুরুতর অভিযোগ। অর্থের বিনিময়ে মামলার সিরিয়াল বদলে দেওয়ার মতো অনিয়মের ইঙ্গিত পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি কৃষ্ণা রাও। লিখিত কোনও নির্দেশ ছাড়াই একটি মামলা হঠাৎ তালিকার উপরের দিকে উঠে আসায় প্রশ্নের মুখে পড়েছে আদালতের প্রশাসনিক ব্যবস্থা। শুধু ক্ষোভ প্রকাশই নয়, নিজের এজলাসের আধিকারিকদের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আদালতে (Calcutta High Court) হঠাৎ কীভাবে বদলে গেল মামলার সিরিয়াল?

শুক্রবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। প্রতিদিনের মতোই এদিন ২৫ নম্বর এজলাসে মামলার শুনানি চলছিল। সেই সময় তালিকার ১৬ নম্বর মামলাটি ডাকা হলে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল (এএসজি) অশোক চক্রবর্তী। তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, আগের দিন ওই মামলাটি তালিকার ৯২ নম্বরে ছিল। কিন্তু কোনও লিখিত নির্দেশ বা জরুরি শুনানির আবেদন ছাড়াই কীভাবে মামলাটি একদিনের মধ্যে ১৬ নম্বরে উঠে এল তা নিয়েই তৈরি হয় বিতর্ক।

জরুরি আবেদন না থাকলেও কীভাবে বদলাল তালিকা?

এএসজি স্পষ্ট জানিয়ে দেন, কোনও আইনজীবী ওই মামলার দ্রুত শুনানির জন্য বিচারপতির কাছে আবেদন করেননি। তা সত্ত্বেও মামলার সিরিয়াল বদলে যাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও কোর্টের আধিকারিকদের কাছে সংশ্লিষ্ট তালিকা দেখতে চান। তালিকা খতিয়ে দেখার পর বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, “আমি বিষয়টি অনুসন্ধান করে দেখছি।” তিনি স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের ঘটনা আদালতের (Calcutta High Court) স্বাভাবিক নিয়মের পরিপন্থী।

ক্ষুব্ধ বিচারপতির কড়া বার্তা

ঘটনার পর বিচারপতি প্রকাশ্যে নিজের ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “বিকেল সাড়ে চারটার পর এজলাসে কী ঘটেছে, আমি জানি। আমি দুর্নীতি, তথ্য গোপন করা এবং অকারণে মামলার মুলতুবি চাওয়ার সম্পূর্ণ বিরোধী। আমার এজলাসে এসব আমি সহ্য করব না।” এই মন্তব্য থেকেই স্পষ্ট, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন বিচারপতি।

আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

শুধু কথায় সীমাবদ্ধ না থেকে কড়া পদক্ষেপও নেন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি হাই কোর্টের (Calcutta High Court) রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন, এই ঘটনার সঙ্গে আদালতের কোন কোন আধিকারিক যুক্ত থাকতে পারেন, তা খতিয়ে দেখতে। পাশাপাশি বিষয়টি প্রধান বিচারপতি সুজয় পালের নজরে আনার নির্দেশও দেন তিনি। পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রার জেনারেলকে।

Calcutta High Court

আরও পড়ুনঃ RAC টিকিটে যাত্রীদের ভাড়া ফেরতের দাবি, রেল মন্ত্রককে কড়া সুপারিশ PAC-এর

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা তালিকাভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নতুন নয়। তবে খোদ বিচারপতির এজলাসে এমন ঘটনা প্রকাশ্যে আসায় গোটা বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয়, তদন্তে কী তথ্য উঠে আসে এবং কারা এই অনিয়মের সঙ্গে জড়িত বলে চিহ্নিত হন।