‘মুখ্যমন্ত্রীর মুখ চেয়ে চুপ ছিলাম’ হঠাৎ কেন এমন বললেন কাঞ্চন মল্লিক ?

Published on:

Published on:

Kanchan Mullick opens up after changing power of state government
Follow

বাংলা হান্ট ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতি থেকে সরে দাড়িয়ে ছিলেন অভিনেতা তথা বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। এবার ভোটের ফলাফল ঘোষণার পর নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত যে যথেষ্ট ভেবেচিন্তেই নিয়েছেন কাঞ্চন, সে কথাই তিনি বললেন। পাশাপাশি উঠে এল দলের অভ্যন্তরীণ টানাপোড়েন, ব্যক্তিগত আক্রমণ এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গও।

দল প্রসঙ্গে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)

নিজের রাজনৈতিক যাত্রার শুরু প্রসঙ্গে কাঞ্চন বললেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানেই রাজনীতিতে যোগ দিয়েছিলাম। অনেক বেশি মার্জিনে জিতেছিলাম ভোটে। কিন্তু তার পরেও আমার কোনও অফিস ছিল না। উত্তরপাড়ার মাখলায় একটি ক্লাবে বসতাম। অফিসও পাইনি। সেখান থেকেই সব কাজ করতাম। যা যা কাজ করেছি সেই কার্যতালিকা সবাইকে দিয়েওছি। কার্যকাল শেষের আগে ওখানকার শীর্ষনেতাদের মিষ্টি ব্যবহার, খারাপ ব্যবহার, অসহযোগিতা— সবই তো পেয়েছি। কিন্তু মুখ বন্ধ করে রেখেছিলাম। যাতে দলীয় কোন্দল সামনে না আসে, তাই চুপ ছিলাম। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চেয়ে।”

এমন অভিজ্ঞতার পরেই তাঁর মনে হয়েছে, রাজনীতি তাঁর জন্য উপযুক্ত ক্ষেত্র নয়। সেই উপলব্ধির কথাই স্পষ্টভাবে তুলে ধরে কাঞ্চন বলেন, “আমার পেশা অভিনয় করা। সেখান থেকে আমার মনে হয়েছিল, হয়তো আমি বিধায়কপদের যোগ্য নই। ৩০ বছর ধরে অভিনয় করছি। অভিনয় পেশায় আমি হয়তো কিঞ্চিৎ দক্ষ। তাই অবশ্যই এই (রাজনীতি ছাড়ার) সিদ্ধান্ত সঠিক বলেই আমার মনে হয়েছে। আর আমি রাজনীতির ময়দানে যখন কাজ করতে গিয়েছিলাম তখন এত গোষ্ঠীদ্বন্দ্ব এবং এত ব্যক্তিগত আক্রমণের শিকার হব সেটা ভাবতে পারিনি। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে এই পরাজয়টা হয়তো হত না। তাও মনে হয়েছে, সঠিক সময়ে সিদ্ধান্ত জানিয়েছিলাম। তবে এখানে নেই মানে যে ওখানে যাব সেটাও নয়। আমি কোথাও নেই। পাঁচ বছরের কার্যকালে একটা কথা বলতে পারি, মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা করে বেরিয়ে এসেছি। কার্যকাল সম্পন্ন করেছি। উত্তরপাড়ার সবাইকে ধন্যবাদ।”

নির্বাচনের ফল ঘোষণার পর বন্ধু রুদ্রনীল ঘোষের জয় নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন কাঞ্চন। দীর্ঘদিনের সহযাত্রীর সাফল্যে তিনি খুশি, এবং তাঁর লড়াইয়ের কথাও তুলে ধরে কাঞ্চন বলেন, “রুদ্রও রাজনীতির শিকার। প্রায় বয়কট করা হয়েছে ওকে। কাজের ক্ষেত্রে বাধা পেয়েছে। এত কিছুর পরেও ও নিজের জায়গা ছাড়েনি।”

Kanchan Mullick opens up after changing power of state government

আরও পড়ুন : সময় বেঁধে দিলেন শুভেন্দু, ৯ তারিখের পরেই বিজয় মিছিল, রাজ্যজুড়ে কড়া সতর্কতা

সব মিলিয়ে, রাজনীতির অধ্যায় আপাতত পিছনে ফেলে আবার অভিনয় জগতে মনোনিবেশ করতে চান কাঞ্চন মল্লিক। দীর্ঘ তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে নতুন করে নিজের পরিচিত মঞ্চ ও পর্দার জগতে ফিরতে প্রস্তুত তিনি।