বাংলা হান্ট ডেস্ক : শিয়ালদহ স্টেশনের পাশে অনেকেরই ভরসা রাস্তার ধারের খাবারের দোকান। খাবারে ভেজাল বা ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি রয়েছে কি না, তা যাচাই করতেই এবার শিয়ালদহ চত্বরে বিশেষ অভিযান চালাল কলকাতা পুরসভা। রাজুদার পকেট পরোটার দোকান (Rajuda Pocket Paratha) স্বাস্থ্য বিভাগের খাদ্য সুরক্ষা শাখার আধিকারিকদের এই তল্লাশি অভিযান চালাল। তবে কি এবার বন্ধ হয়ে যাচ্ছে চলেছে রাজুদার পকেট পরোটার দোকান!
কী জানালেন পকেট পরোটার দোকানের রাজুদা (Rajuda Pocket Paratha)?
শিয়ালদহ স্টেশনের আশপাশে খাবারের দোকানগুলির উপর এদিন কার্যত নজরদারি চালানো হয়। ফুটপাতের ছোট স্টল থেকে শুরু করে উড়ালপুলের নীচে থাকা খাবারের দোকান—বিভিন্ন জায়গায় পৌঁছে যান পুরসভার আধিকারিকেরা। দোকানে কীভাবে খাবার তৈরি হচ্ছে, রান্নার পরিবেশ পরিচ্ছন্ন কি না এবং কোন উপকরণ ব্যবহার করা হচ্ছে, সব দিকই খতিয়ে দেখা হয়। পাশাপাশি, একাধিক খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
এই ধরনের পরিদর্শনের পিছনে রয়েছে জনস্বাস্থ্যের প্রশ্ন। প্রতিদিন বহু মানুষ রাস্তার খাবার খান। তাঁদের পাতে যে খাবার পৌঁছচ্ছে, তা নির্ধারিত সুরক্ষা মান মেনে তৈরি হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। উৎসবের মরশুমেও এই তৎপরতা দেখা গিয়েছিল। দুর্গাপুজোর আগে শহরের একাধিক রেস্তোরাঁয় পরিদর্শন চালিয়ে নিয়মভঙ্গের অভিযোগে কয়েকটির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়। কিছুক্ষেত্রে খাবারের দোকান বন্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছিল। এদিন শিয়ালদহে পরিদর্শনের সময় আধিকারিকদের নজর ছিল মূলত খাবার তৈরির উপকরণ ও পদ্ধতির উপর। FSSAI-র নির্ধারিত নিয়ম অনুসারে রান্না হচ্ছে কি না, মশলার গুণমান কেমন, খাবারে কৃত্রিম রং বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে কি না, সেসব পরীক্ষা করা হয়।

এদিনের অভিযানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় রাজুদার পকেট পরোটার দোকানও ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্র। সেখানে খাবারের গুণমান যাচাই করেন পুরসভার কর্মীরা। অভিযানের প্রয়োজনীয়তা স্বীকার করে রাজুদা বলেন, “এই অভিযান হওয়া দরকার। কারণ এখানে পাঁচজন পাচ রকমের মানুষ খাওয়া-দাওয়া করছেন। বিশেষ করে হাসপাতালে ডাক্তার দেখাতে আসা রোগী, গরিব মানুষ আসেন। এটা নিয়মিত দরকার। আমরা যত সচেতন হব, সতর্কতা অবলম্বন করব, ততই ভালো হবে।”
আরও পড়ুন : ইচ্ছেমতো বিমানভাড়া বাড়াতে পারবে না সংস্থাগুলি? যাত্রীদের স্বস্তি দিতে কেন্দ্রের নতুন নির্দেশিকা
আধিকারিকেরা শিয়ালদহের দোকানদারদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। বিশেষ করে খাবার তৈরি ও বিক্রির সময় মাথায় সেফটি ক্যাপ ব্যবহার করার কথা জানানো হয়। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাদ্য সুরক্ষার নিয়ম মেনে চলার বিষয়েও তাঁদের সতর্ক করা হয়।












