বাংলা হান্ট ডেস্ক : রেশন (Ration) ব্যবস্থায় অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে এবার আরও কড়া নজরদারি শুরু হয়েছে। সরকারের নজরে রয়েছে এমন একাধিক রেশন কার্ড, যেগুলি প্রকৃত যোগ্য ব্যক্তির নামে নেই বা নির্ধারিত শর্ত পূরণ না করেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। বিশেষ করে মৃত ব্যক্তির নামে থাকা কার্ড কিংবা আর্থিক ভাবে সচ্ছল পরিবারের রেশন কার্ড চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে।
কাদের রেশন কার্ড (Ration) বাতিল হবে ?
সরকারের দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে একদিকে সরকারি সম্পদের অপচয় বন্ধ হবে, অন্যদিকে প্রকৃত প্রাপকের কাছে খাদ্যসামগ্রী পৌঁছনো সহজ হবে। রেশন কার্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার সুবিধা। তাই কার্ড বাতিলের সম্ভাব্য কারণগুলি নিয়ে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কোন পরিবার এই সুবিধার আওতায় থাকবে এবং কার্ড বাতিল হওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলি বিবেচনা করা হবে, তার মাপকাঠি শহর ও গ্রামের জন্য আলাদা ভাবে রাখা হয়েছে।
শহরে কাদের কার্ড বাতিলের হবে?
শহরাঞ্চলে পরিবারের আর্থিক সামর্থ্য এবং বাড়িতে থাকা বিভিন্ন সুযোগ-সুবিধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিন বা তার বেশি পাকাঘর রয়েছে এমন বাড়ির রেশন কার্ড যাচাইয়ের আওতায় আসতে পারে।
পরিবারের কাছে মোটরবাইক বা চারচাকা গাড়ি থাকলেও কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একই ভাবে বাড়িতে এসি, ইন্টারনেট ব্যবহারের উপযোগী কম্পিউটার বা ল্যাপটপ, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন কিংবা ওয়াশিং মেশিন থাকলে সংশ্লিষ্ট পরিবারের যোগ্যতা খতিয়ে দেখা হতে পারে।
শুধু সম্পত্তি বা সামগ্রী নয়, কর দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স প্রদানকারী পরিবারের রেশন কার্ড বাতিল হতে পারে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের গেজেটেড কর্মী এবং সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও একই ভাবে কার্ডের যোগ্যতা যাচাই করা হবে।
গ্রামাঞ্চলে কাদের রেশন কার্ড বাতিল হবে?
গ্রামের ক্ষেত্রে পরিবারের কারও দুচাকা, তিনচাকা কিংবা চারচাকা যানবাহন থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে। ফিশিং বোট থাকলেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে। ৫০ হাজার টাকা বা তার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও রেশন সুবিধা বন্ধ হতে পারে। কৃষিকাজের বাইরে অন্য কোনও ব্যবসা সরকারের কাছে নিবন্ধিত থাকলেও সেই পরিবারের কার্ড যাচাই করা হবে। পরিবারের কোনও সদস্যের মাসিক আয় ১৫ হাজার টাকা বা তার বেশি হলে কিংবা পরিবারের কেউ আয়কর দিলে রেশন কার্ড বাতিলের সম্ভাবনা থাকছে।
তিন বা তার বেশি পাকাঘর থাকা বাড়ির বাসিন্দাদের কার্ড বাতিল হতে পারে। কৃষিকাজের যন্ত্রপাতি-সহ ২.৫ একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকলে এবং পাঁচ একর বা তার বেশি দুই বা তিন ফসলি জমি থাকলেও রেশন কার্ড বাতিলের আওতায় আসতে পারে। এমনকি গ্রামীণ পরিবারের বাড়িতে ল্যান্ডলাইন ফোন বা ফ্রিজ থাকলেও কার্ড বাতিল হতে পারে।

আরও পড়ুন : অগ্নিমিত্রার ধমক খাওয়া বৃদ্ধার পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন বড় কথা
উল্লেখ্য, জানা যাচ্ছে এই মাপকাঠিগুলি সামনে রেখেই ইতিমধ্যে রেশন কার্ড যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবং অযোগ্য হিসেবে চিহ্নিত বেশ কিছু কার্ড বাতিলও করা হয়েছে। ফলে আপনার পরিবারের রেশন কার্ড কোনও ঝুঁকির মধ্যে রয়েছে কি না, তা নির্ভর করবে সরকারি যাচাইয়ে আপনার পরিবারের আয়, সম্পত্তি, জমি এবং অন্যান্য তথ্যের সঙ্গে নির্ধারিত শর্তের কতটা মিল রয়েছে তার উপর।













