বাংলা হান্ট ডেস্কঃ এতদিন তিনি ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। রূপোলি পর্দায় অভিনয় করেই দর্শকদের মন জিতেছেন। তবে এবার অভিনয়ের জগতের বাইরে নতুন দায়িত্ব নিতে চলেছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। রাজনীতিতে পা রেখে বৃহস্পতিবার বিধানসভায় এসে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন তিনি। সেখানেই হাসিমুখে জানালেন, মানুষের উপকারে আসতে পারলে তবেই তাঁর কাজ সার্থক হবে।
রাজ্যসভার প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক (Koel Mallick)
রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাঁদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক (Koel Mallick)। এতদিন বিধানসভা বা লোকসভা ভোটের সময় তারকা প্রার্থী দিয়ে চমক দিয়েছে তৃণমূল। বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের অনেক সময়ই রাজনীতির ময়দানে দেখা যায়। কেউ কেউ প্রার্থী হন, আবার অনেকেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
তবে কোয়েল মল্লিককে (Koel Mallick) এতদিন সেইভাবে রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। কিছুদিন আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘উন্নয়নের পাঁচালি’ হাতে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেই সময়ও কোয়েলকে কোথাও সামনে দেখা যায়নি। তাই হঠাৎ করেই তাঁর নাম প্রার্থী তালিকায় ঘোষণা হওয়ায় তা অনেকের কাছেই বেশ চমকপ্রদ লেগেছে।
বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়ন জমা দিতে আসেন কোয়েল মল্লিক (Koel Mallick)। তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং রানে। কোয়েল জানান, এই প্রথম তিনি বিধানসভায় এলেন। নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “অসাধারণ লাগছে। এটা একটা বড় দায়িত্ব। সবার কাছে আশীর্বাদ চাই, যাতে মানুষের উপকারে লাগতে পারি। মানুষকে সাহায্য করতে পারি, ভাল রাখতে পারি।”

আরও পড়ুনঃ কলকাতায় আজ যানজটের সতর্কতা! দুপুর থেকে বিকেল, কোন সময় কোথায় সমস্যা হতে পারে জানুন
রাজ্যসভা নির্বাচনের নিয়ম অনুযায়ী শুক্রবার মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে। এরপর আগামী ৯ তারিখ পর্যন্ত প্রার্থীরা চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। সেই দিনই চূড়ান্তভাবে বিজয়ী প্রার্থীর হাতে তুলে দেওয়া হবে জয়ের শংসাপত্র।












